চট্টগ্রামে গুলি ও হাতকড়াসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রামের কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালিয়ে তিন ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ তাঁদের ব্যবহূত একটি সিএনজিচালিত অটোরিকশা, দুটি কার্তুজ, একটি ছোরা ও একটি হাতকড়া উদ্ধার উদ্ধার করে।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন আবদুল হাকিম ওরফে হাকিম পুলিশ, মোহাম্মদ ইসমাইল ওরফে একরাম ও মোহাম্মদ শফি ওরফে ড্রাইভার শফি।
পুলিশ সূত্র জানায়, হাকিম কারাগার থেকে বেরিয়ে অঘটন ঘটানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি পুলিশ বাহিনীর কনস্টেবল ছিলেন। ডবলমুরিং থানায় কর্মরত থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তিনি চাকরি হারান। এরপর তিনি ছিনতাইকে পেশা হিসেবে বেছে নেন। বিশেষ করে নগরে বড় অঙ্কের টাকা ছিনতাইয়ের সঙ্গে তাঁর সম্পৃক্ততারও প্রমাণ পাওয়া গেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা প্রথমে হাকিমকে গ্রেপ্তার করি। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শফি ও ইসমাইলকে গ্রেপ্তার করি। গোয়েন্দা শাখার পুলিশ পরিচয় দিয়ে এরা নগরে বড় অঙ্কের টাকা ছিনতাই করে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’