চট্টগ্রামে গুলিবিদ্ধ দুই লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরের হালিশহর থানার টোল সড়কের কাছে গুলিবিদ্ধ দুটি মরদেহ পুলিশ উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোকজন মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়।
নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। তবে তাঁদের বয়স ৩৮ থেকে ৪২ বছর হতে পারে বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা। একজনের পরনে প্যান্ট-শার্ট এবং অন্যজন লুঙ্গি পরিহিত ছিলেন। দুর্বৃত্তরা একজনের মাথায় এবং অন্যজনের পিঠে অস্ত্র ঠেকিয়ে গুলি করে।
গতকাল হত্যাকাণ্ডের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মরদেহ দুটির নমুনা সংগ্রহ করে সিআইডির পরীক্ষাগারে পাঠিয়েছে। গোয়েন্দা পুলিশ কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আরেফিন জুয়েল এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, নিহত দুজনই কাভার্ড ভ্যানের চালক ও সহকারী হতে পারেন। বুধবার দিবাগত রাত দুইটা থেকে তিনটার মধ্যে তাঁরা হত্যাকাণ্ডের শিকার হতে পারেন। এরপর দুর্বৃত্তরা কাভার্ড ভ্যানটি ছিনতাই করতে পারে। ওই কাভার্ড ভ্যানে হয়তো মূল্যবান মালামাল ছিল।
আরেফিন জুয়েল আরও বলেন, ‘হত্যাকারীরা পেশাদার খুনি বলে আমাদের ধারণা। কারণ খুনের আগে দুজনের চোখ, মুখ ও হাত বেঁধে ফেলা হয়। এরপর একজনের জন্য একটি করে বুলেট খরচ করা হয়েছে, যা দেখে আমরা মনে করছি, সাধারণ কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। ঠান্ডা মাথায় তাঁদের খুন করা হয়েছে।’ প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল ভোরে টোল সড়ক ও বেড়িবাঁধের মাঝামাঝি জায়গায় এই দুজনের মরদেহ দেখা যায়। গতকালের ভোরের বৃষ্টিতে নিহত ব্যক্তিদের কাপড়চোপড় ভিজে গেছে। ওই অবস্থায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে গতকাল সকাল সাতটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।