চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদে গত মঙ্গলবার সন্ধ্যায় গৃহকর্মী রুমা নাথের (১৫) মৃত্যু হয়েছে। গৃহকর্ত্রী দাবি করেছেন, রুমা আত্মহত্যা করেছে। তবে পুলিশ বলছে, বিষয়টি রহস্যজনক। পুলিশ সূত্র জানায়, রুমা বছরখানেক আগে মাসিক ৩০০ টাকা বেতনে ফতেয়াবাদে জাহাজের প্রধান প্রকৌশলী বিষ্ণুচরণ আচার্যের বাড়িতে কাজ নেয়। মঙ্গলবার সন্ধ্যায় সে মারা যায়। পরে তার ডায়রিয়া হয়েছে জানিয়ে ভাড়াগাড়িতে করে হাসপাতালে নেওয়ার কথা বলে নগরের বলুয়ারদীঘিপাড় শ্মশানঘাটে নেওয়া হয়। সেখানে রাতেই তার মরদেহ দাহ করা হয়। গৃহকর্ত্রী শিপ্রা রানী দাবি করেন, ‘রুমা চুরিচামারি করত। এ নিয়ে বকাঝকা করলে সে বাথরুমে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।’তবে রুমার বাবা সুকেন্দু নাথ বলেন, ‘গৃহকর্ত্রী শিপ্রার দাবি সত্য নয়। আত্মহত্যা করলে আমাকে ডাকা হয়নি কেন? তড়িঘড়ি করে কেন আমার মেয়েকে দাহ করা হলো?’ হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল আকতার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘রুমার মৃত্যু রহস্যজনক। আজ (গতকাল বুধবার) সন্ধ্যায় প্রতিবেশী এক ব্যক্তির মাধ্যমে এই মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ ব্যাপারে গৃহকর্ত্রী ভিন্ন তথ্য দিচ্ছেন। তাই এ মৃত্যু নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।’