চট্টগ্রামে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
চট্টগ্রামের সদরঘাট এলাকায় মিনু দাস (১৫) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে মেয়েটি মারা যায়।
গৃহকর্তার দাবি, অভিমানে মিনু আত্মহত্যা করেছে। নিহত মিনুর বাড়ি মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কুরুয়া গ্রামে। তার বাবার নাম স্বপন জলদাস। মিনু সদরঘাটের কালাচাঁদ পালের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্তব্যরত পুলিশ জানিয়েছে, দুপুর সোয়া একটার সময় কালাচাঁদ নামের এক ব্যক্তি মেয়েটিকে নিয়ে চমেক হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর চিকিৎসকেরা মেয়েটিকে মৃত বলে ঘোষণা দেন। কালাচাঁদ পুলিশকে জানিয়েছেন, তাঁর সন্তানদের সঙ্গে ঝগড়া করে মিনু বেডরুমের জানালার সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি বাসার লোকজন টের পাওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
সদরঘাট থানার উপপরিদর্শক ইয়ের আলী জানিয়েছেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা মনে হচ্ছে। তবে তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা।