চট্টগ্রামে গৃহকর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন এম এম আলী সড়কের একটি বহুতল ভবনের দ্বিতীয় তলার বাথরুম থেকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ লাশটি উদ্ধার করে।নিহত গৃহকর্মীর বয়স ১২। তবে তাঁর নাম বা ঠিকানা বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানাতে পারেনি। রাত আটটার দিকে ফ্ল্যাটের তালা ভেঙে পুলিশ লাশ উদ্ধার করে। গতকাল রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, এম এম আলী সড়কের আইডিয়াল মেলোডি টাওয়ারের দ্বিতীয় তলার ডি-২ ফ্ল্যাটের বাথরুমের মেঝেতে ওই গৃহকর্মীর লাশ পড়ে ছিল।নগরের কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘ফ্ল্যাটটির ভাড়াটিয়া বিকেল চারটায় তালা দিয়ে তাড়াহুড়া করে চলে যান। এরপর ভবনের বাসিন্দারা খবর দিলে আমরা এসে বাথরুমে লাশটি দেখতে পাই।’ ভবনটির মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু ফারুক বলেন, ‘ফ্ল্যাটটির মালিক প্রকৌশলী ফরিদ আহমদ। তিনি প্রায় দুই বছর আগে রিয়াদ সিদ্দিকী নামের একজনকে এটি ভাড়া দেন। রিয়াদ সিদ্দিকী স্ত্রী ও দুই সন্তান নিয়ে এখানে থাকেন। বিকেলে রিয়াদ সিদ্দিকীর স্ত্রী সন্তানদের নিয়ে তাড়াহুড়া করে চলে যান। কয়েক ঘণ্টা পরও ফিরে না আসায় সন্দেহ হলে আমরা পুলিশে খবর দিই।’কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহকর্মীকে হত্যা করা হয়েছে।’