চট্টগ্রামে গৃহবধূ খুন
চট্টগ্রামের বাকলিয়া ডিসি রোডে ছুরিকাঘাতে খোদিজা বেগম (৪৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। গতকাল শুক্রবার রাত আটটার দিকে ডিসি রোডের রসুলবাগ আবাসিক এলাকার নিজ বাসভবন থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন জানায়, খোদিজার স্বামী আবুল কালাম কাতারপ্রবাসী। নিঃসন্তান এই দম্পতি দুই বছরের এক ছেলে দত্তক নেন। তাঁদের বাড়ি রাউজানের কদলপুর এলাকায়। রসুলবাগ আবাসিক এলাকায় খোদিজাদের নিজস্ব দুটি ভবন রয়েছে। এর মধ্যে দোতলা ভবনটির দ্বিতীয় তলায় খোদিজা দুই বছরের শিশুটিকে নিয়ে থাকতেন। অপর চারতলা ভবনটির সব কটি ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে। পুলিশ জানায়, প্রতিবেশীরা খোদিজাকে দুপুর ১২টার দিকেও গৃহস্থালির আবর্জনা ফেলার জন্য নিচে যেতে দেখেছে। সন্ধ্যা ছয়টার দিকে একজন ভাড়াটে পানির পাম্প ছাড়ার জন্য ওপরে তাঁকে বলার জন্য গিয়ে লাশ দেখতে পান। এ সময় দরজা খোলা ছিল। শিশুটিকে দরজার বাইরে দেখা যায়। পরে রাত আটটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। বাকলিয়া থানার উপপরিদর্শক আনসারুল করিম বলেন, লাশের গায়ে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বাসার আলমারি ও জিনিসপত্র তছনছ অবস্থায় পাওয়া গেছে। তবে এটি ডাকাতির ঘটনা নাকি শত্রুতামূলক খুন, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।