চট্টগ্রামে গৃহবধূ খুনের ঘটনায় গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাকলিয়া ডিসি রোডে গৃহবধূ খতিজা বেগমকে (৪৫) খুন ও তাঁর বাসার মালামাল লুট করার ঘটনায় পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা খুনের কথা স্বীকার করেছেন। গত ১৭ ফেব্রুয়ারি খতিজা নিজ বাসায় খুন হন। গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন শহীদুল ইসলাম ওরফে ইলিয়াছ (২২), মো. আলী (১৮), মো. সোহাগ (২২), আবদুল হান্নান ও সোহাগ (২৩)। তাঁদের কাছ থেকে দুই ভরি ওজনের স্বর্ণালংকার, মুঠোফোনের সেট, শাড়ি ও হত্যাকাণ্ডে ব্যবহূত তিনটি ধারালো ছোরা উদ্ধার করা হয়। গ্রেপ্তার করার পর গতকাল সোমবার তাঁদের সিএমপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি করা হয়।পুলিশ বলেছে, ইলিয়াছ পেশায় একজন টাইলস মিস্ত্রি। তিনি হত্যাকাণ্ডের আগে খতিজা বেগমের বাসার মেঝেতে টাইলস বসানোর কাজ করেছেন। মূলত তাঁর পরিকল্পনা ও নেতৃত্বেই এই হত্যাকাণ্ড হয়। খতিজা বেগম ও তাঁর দুই বছর বয়সী দত্তক ছেলে ছাড়া ওই বাসায় আর কেউ থাকতেন না জেনে ইলিয়াছ সহযোগীদের নিয়ে ডাকাতি করেন।ইলিয়াছ গতকাল সাংবাদিকদের বলেন, ‘আমি তিন-চার দিন ধরে ওই বাসায় টাইলসের কাজ করেছি। ঘটনার দিন দুপুরে এসে আমি বাসার দরজায় টোকা দিয়ে নিজের পরিচয় দিতেই তিনি দরজা খুলে দেন। এ সময় আমার সঙ্গে থাকা পাঁচ-ছয়জন ঢুকে পড়েন।’পুলিশ সূত্রে জানা গেছে, শহীদুল ও তাঁর সহযোগী নিশান প্রথমে ডাকাতির পরিকল্পনা করেন। এই কাজে তাঁরা আরও পাঁচজনকে সম্পৃক্ত করেন। নিশানসহ দুজনকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।আসামিদের গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আজিজ আহমেদ বলেন, আসামিরা তাঁদের কাছে বলেছেন, দরজা খুলে দেওয়ার পর তাঁরা খতিজাকে ঠেলে শোবার ঘরে নিয়ে যান। তাঁরা স্বর্ণালংকার ও টাকা-পয়সা বের করে দিতে বলেন। খতিজা চিৎকার করতে গেলে তাঁরা প্রথমে তাঁর গলায় ছুরিকাঘাত করেন। পরে তাঁকে জবাই করে হত্যা করা হয়। এরপর আরও প্রায় ২০ মিনিট ঘরে থেকে আলমারি ভেঙে চার লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে তাঁরা পালিয়ে যান। খতিজার স্বামী মধ্যপ্রাচ্য-প্রবাসী। হত্যাকাণ্ডের সময় আসামিরা শিশুপুত্র ইয়ামিনকে অপর একটি কক্ষে দরজা বন্ধ করে রাখে। এ ঘটনায় ওই দিনই বাকলিয়া থানায় খতিজার ছোট ভাই মো. ইউনুছ একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।পুলিশ কমিশনার মো. আবুল কাশেম বলেন, ‘আমরা খুনের পর বিভিন্ন দিক মাথায় রেখে তদন্ত করেছি। সে জন্য টাইলস মিস্ত্রির বিষয়টাও মাথায় রাখি। পরে দেখা গেল তার কাছেই খোয়া যাওয়া বড় নেকলেসটি পাওয়া যায়। তারা ডাকাতি করতে গিয়েই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।’