চট্টগ্রামে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী-ননদ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশী থানার ঝাউতলা স্কুল কলোনি এলাকায় গতকাল শনিবার আমেনা বেগম (২৮) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গৃহবধূর স্বামী মোহাম্মদ হোসেন ও ননদ তাসলিমা বেগমকে গ্রেপ্তার করেছে।আমেনার বাড়ি চাঁদপুরে। পাঁচ-ছয় বছর আগে কুমিল্লার চান্দিনার হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে গতকাল সকাল নয়টার দিকে হোসেন তাঁর স্ত্রী আমেনাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে হোসেনের সঙ্গে তাঁর মা খুরশিদা বেগম ও বোন তাসলিমা যোগ দিয়ে আমেনাকে মারধর করেন। কিল-ঘুষির একপর্যায়ে আমেনা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুপুরের দিকে প্রতিবেশীরা খুলশী থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাশুড়ি খুরশিদা পালিয়ে যান। তবে স্থানীয় লোকজন হোসেন ও তাসলিমাকে ধরে পুলিশে সোপর্দ করে। খুলশী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জের ধরে আমেনাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।