কাবিননামার বিনিময়ে যৌতুক দাবি
চট্টগ্রামে গৃহবধূর করা মামলায় স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিয়ের কাবিননামা নিবন্ধন না করা এবং যৌতুক দাবি করার অভিযোগে স্বামীর বিরুদ্ধে দুটি মামলা করেছেন চট্টগ্রামের এক গৃহবধূ। গতকাল সোমবার শুনানির পর উভয় মামলায় স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান।আদালত সূত্র জানায়, ফজলুল হক ২০০৫ সালের ৩০ সেপ্টেম্বর বিয়ে করেন। বিয়ের সময় তিনি কাবিননামা নিবন্ধন করেননি। এ নিয়ে তাঁদের পারিবারিক জীবনে অশান্তি নেমে আসে। গৃহবধূ কাবিননামার নিবন্ধন কপি চাইলে ফজলুল হক তাঁর স্ত্রীর কাছে দুই লাখ ৭৮ হাজার টাকা যৌতুক দাবি করেন। একপর্যায়ে গত বছরের ২২ ডিসেম্বর তিনি স্ত্রীকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেন। গতকাল আদালতে মামলা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ফজলুল হকের সঙ্গে তাঁর স্ত্রীর কোনো যোগাযোগ ছিল না।আদালত সূত্র আরও জানায়, মহানগর হাকিম গৃহবধূর দুটি অভিযোগ আমলে নিয়ে ফজলুল হকের বিরুদ্ধে মুসলিম বিবাহ ও নিবন্ধন আইন ১৯৭৪-এর ৫(৪) ধারায় এবং যৌতুক নিরোধ আইনের ১৯৮০-এর ৪ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।