চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ডবলুমরিং থানার দক্ষিণ নালাপাড়া এলাকায় গত বুধবার রাতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী জয় প্রকাশ চৌধুরীকে পুলিশ আটক করেছে।গৃহবধূর নাম সুমী চৌধুরী (২৬)। ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃতদেহ দাহ করা হয়েছে।সুমীর বাবার বাড়ির লোকজনের দাবি, যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন গলায় ফাঁস দিয়ে তাঁকে হত্যা করেছে। অন্যদিকে শ্বশুরবাড়ির লোকজনের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তবে এটি হত্যা না আত্মহত্যা, সে বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।সুমীর চাচাতো ভাই সন্তোষ কুমার চৌধুরী ও ফুফাতো ভাই প্রদীপ দাশ প্রথম আলোকে বলেন, মাস তিনেক ধরে সুমীর বাবার জমিতে নির্মাণাধীন ভবনে ফ্ল্যাট বা সম অঙ্কের টাকা দাবি করে আসছিলেন জয় প্রকাশ। এ নিয়ে দিন কয়েক আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াও হয়েছে।সুমীর বাবার বাড়ির লোকজন জানান, গত বুধবার রাতে সুমীর শ্বশুর দানী কুমার চৌধুরী মুঠোফোনে সুমীর মাকে জানান যে সুমী হূদেরাগে আক্রান্ত হয়েছেন। তাই তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে ছুটে যায়।সন্তোষ কুমার জানান, ‘হাসপাতালে গেলে সুমীর শ্বশুরবাড়ির লোকজন জানায়, সুমী হাসপাতালের পঞ্চম তলায় চিকিৎসাধীন। অথচ কিছুক্ষণ পর হাসপাতালের নিচতলায় আমরা তাঁর মৃতদেহ দেখতে পাই।’ তিনি বলেন, এ সময় সুমীর গলায় কালো দাগ ছিল।সূত্র জানায়, এ সময় হাসপাতালে থাকা সুমীর বাবার বাড়ির লোকজন জয় প্রকাশ চৌধুরীকে আটকে রাখে। পরে বুধবার মধ্যরাতে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় সেই রাতেই সুমীর মা কণক চৌধুরী বাদী হয়ে ডবলুমরিং থানায় অপমৃত্যুর মামলা করেন।ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দিন ভুঁইয়া প্রথম আলোকে বলেন, গলায় ফাঁসের কালো দাগ পাওয়া গেছে। তবে এটা হত্যা না আত্মহত্যা, সে বিষয়ে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। তিনি বলেন, সন্দেহভাজন হিসেবে জয় প্রকাশকে আটক করা হয়েছে।ঘটনাস্থল পরিদর্শনকারী ডবলমুরিং থানার উপপরিদর্শক মো. আলমগীর প্রথম আলোকে বলেন, জয় প্রকাশের পরিবার জানিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে মান-অভিমানের কারণে সুমী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।পারিবারিক সূত্র জানায়, এক বছর আগে জয় প্রকাশ ও সুমীর বিয়ে হয়। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।