চট্টগ্রামে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
চট্টগ্রাম নগরের খুলশী থানার বিশ্বকলোনি এলাকা থেকে গতকাল সোমবার সকালে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় লাশটি ফ্যানের সঙ্গে ঝোলানো ছিল। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। গৃহবধূর নাম পারভীন আক্তার (৪৫)। ঘটনার পর তাঁর স্বামী আবুল কাশেম (৫৫) গা ঢাকা দিয়েছেন।পুলিশ সূত্র জানায়, পারভীনের বাড়ি ফেনী সদরে। প্রায় ১০ বছর আগে কাশেমের সঙ্গে তাঁর বিয়ে হয়। কাশেম চট্টগ্রাম বন্দরের শ্রমিক। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ওই দম্পতির শিশুসন্তান তিথি (৫) ও সিহান (৪) পুলিশকে জানায়, তাঁদের বাবা রোববার রাতে মাকে মারধর করেছেন।খুলশী থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, পারিবারিক বিরোধের জের ধরে পারভীনকে শ্বাসরোধে হত্যার পর লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পরে কৌশলে পাশের জানালা দিয়ে হাত ঢুকিয়ে দরজার ছিটকিনি আটকে দিয়ে কাশেম পালিয়ে যান। এ ঘটনায় পারভীনের ভাই পারভেজ বাদী হয়ে খুলশী থানায় হত্যা মামলা করেছেন। মামলায় কাশেমকে আসামি করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন বিষয় নিয়ে এই দম্পতির মধ্যে প্রায়ই বাগিবতণ্ডা ও ঝগড়া হতো। এ ঘটনার জের ধরে পারভীনকে হত্যা করা হতে পারে।