চট্টগ্রামে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
চট্টগ্রাম নগরের সিমেন্ট ক্রসিং এলাকায় রোখসানা নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী মেহেদি হাসান পলাতক রয়েছেন। পুলিশ গত রোববার রাতে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।রোখসানার বাড়ি কুমিল্লার গোবিন্দগঞ্জ থানা এলাকায়। মেহেদি হাসান পিরোজপুরের ভান্ডারিয়া এলাকার বাসিন্দা। আট মাস আগে তাঁরা বিয়ে করে নগরের সিমেন্ট ক্রসিং এলাকায় বসবাস করেন। তাঁরা দুজনেই চট্টগ্রাম রপ্তানিজাতকরণ এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন।পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে সাতটার দিকে রোখসানার স্বামী বাসা থেকে বের হয়ে যান। বেলা আড়াইটার দিকে তাঁর ঘরের দরজা খোলা দেখে প্রতিবেশী এক নারী ঢুকে রোকসানাকে শোয়া অবস্থায় দেখতে পান। অনেক ডাকাডাকির পরও সাড়া না দেওয়ায় প্রতিবেশীরা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে বিষয়টি অবহিত করেন। পরে রাতে বন্দর থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।বন্দর থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব বড়ুয়া বলেন, গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর গলার নিচে কালো দাগ রয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।