চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ হেফাজতে আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গোয়েন্দা (ডিবি) পুলিশ হেফাজতে এক আসামির মৃত্যু হয়েছে। তাঁর নাম আহমদ ছফা (৪২)। গত বুধবার সন্ধ্যায় অসুস্থ অবস্থায় তাঁকে নগরের লালদীঘি এলাকার ডিবি কার্যালয় থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

গত ২৪ মে নগরের সিরাজদ্দৌলা রোড এলাকার একটি বাসা থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে আহমদ ছফাসহ ছয়জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে চকবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে ডিবি কার্যালয়ে আনা হয়। সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে আহমদ ছফার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এর আগে সকালে মর্গের সামনে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসেনের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন পাঁচলাইশ থানার পুলিশ।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, আহমদ ছফার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

আহমদ ছফার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর রামপুরায়। তিনি নগরের দেওয়ানহাট এলাকায় একটি মোটর পার্টসের দোকানের মালিক। ছফা জামায়াতে ইসলামের সমর্থক বলে জানিয়েছেন স্বজনেরা।

 চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান গতকাল মর্গের সামনে প্রথম আলোকে বলেন, আহমদ ছফা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও যক্ষ্মা রোগে ভুগছিলেন।

মর্গের সামনে গতকাল দুপুরে ছফার স্বজনদের ভিড় দেখা গেছে। তাঁর ভগ্নিপতি আক্তার হোসেন বলেন, কারও বিরুদ্ধে তাঁদের কোনো অভিযোগ নেই। ডায়াবেটিসজনিত রোগে তাঁর শ্যালকের মৃত্যু হয়েছে। শরীরে কোনো নির্যাতনের চিহ্ন দেখেননি তিনি।