চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের পরিচয়ে প্রতারণার সময় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে প্রতারণার সময় গত মঙ্গলবার রাতে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। তাঁর নাম মো. কায়সার। মঙ্গলবার রাতে মুরাদপুর এলাকায় তিনি একজন ফল বিক্রেতার কাছে ১০ কেজি আম ও চাঁদা দাবি করলে ক্ষুব্ধ জনতা তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় তৈয়ব সওদাগর নামের এক ব্যক্তির ফলের দোকানে গিয়ে কায়সার নিজেকে গোয়েন্দা পুলিশ হিসেবে পরিচয় দিয়ে ১০ কেজি আম প্যাকেট করে রাখতে বলেন। এ সময় ফল বিক্রেতাকে তিনি বলেন, ‘তিনজন লোক এসে ১০ হাজার টাকা দিয়ে যাবে। আমের দাম রেখে বাকি টাকা আমাকে ফেরত দিয়ো।’সূত্র জানায়, আধা ঘণ্টা পর তিনজন লোক এসে নিজেদের র্যাব-পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে ফল বিক্রেতা তৈয়বকে হুমকি দিচ্ছিলেন। তাঁরা ফল বিক্রেতাকে বলেন, ‘তুমি অবৈধ ব্যবসা করো, তোমাকে থানায় যেতে হবে।’ একপর্যায়ে ফল বিক্রেতাকে টানাহেঁচড়া শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়। অবস্থা বেগতিক দেখে তিনজন কৌশলে পালিয়ে যায়। ঘটনার চার-পাঁচ মিনিট পর কায়সার আবার ফলের দোকানে এসে আম ও টাকা ফেরত চান। এ সময় দোকানদার বলেন, কেউ কোনো টাকা দেয়নি। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে কায়সার ফল বিক্রেতাকে থানায় নেওয়ার ভয় দেখিয়ে টানাহেঁচড়া শুরু করেন। আশপাশের লোকজন এগিয়ে এসে কায়সারকে আটক করে পুলিশে সোপর্দ করে।