চট্টগ্রামে গ্যারেজ থেকে আস্ত গাড়ি হাওয়া!
নগরের পূর্ব নাসিরাবাদ শান্তিধারা আবাসিক এলাকার একটি বাড়ির গ্যারেজ থেকে একটি প্রাইভেট কার হাওয়া গেছে। গত শনিবার রাতের দিকে গাড়িটি হাওয়া হয়। ওই বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর ছিল। এ কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরি হওয়া গাড়ির মালিক আজহারুল হক। তিনি বেসরকারি মীনহার সি ফুডস লিমিটেডের ব্যবস্থাপক। গত শনিবার তারাবির সময় থেকে গতকাল রোববার ভোরের মধ্যবর্তী সময়ে গাড়িটি চুরি হতে পারে বলে মালিক ধারণা করছেন। আর গাড়িটি এলিয়েন মডেলের, যার নম্বর চট্টমেট্রো-গ-১২-৪৭৯২। ২০১০ সালে গাড়িটি কেনা হয়। আজহারুল হক বলেন, ‘আমি পরিবার নিয়ে শান্তিধারা আবাসিক এলাকার সুফিয়া মঞ্জিলের তৃতীয় তলায় ভাড়া থাকি। গত বৃহস্পতিবার রাতে চালক গাড়িটি গ্যারেজে রেখে দুই দিনের ছুটি নিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা দিতে চলে যান। গত শুক্র ও শনিবার গ্যারেজ থেকে গাড়ি আর বের করা হয়নি। গতকাল রোববার সকালে কাজে যোগ দিতে এসে চালক গাড়িটি গ্যারেজে দেখতে পাননি। গ্যারেজের দরজা ভাঙা ছিল। এরপর চুরির বিষয়টি জানাজানি হয়।’ আজহারুল হক আরও বলেন, ‘আমাদের ভাড়া বাড়িতে দিনে ও রাতে পালাক্রমে দুজন করে চারজন দারোয়ান পাহারা দেয়। কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও এমন ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দাসহ সবাই বিস্মিত হয়েছে। খুলশি থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, ‘গ্যারেজের দরজা ভেঙে কে বা কারা একটি প্রাইভেট কার চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। পুলিশ গাড়িটি উদ্ধারের জন্য কাজ শুরু করেছে।’