চট্টগ্রামে গ্যাস-সংকট
চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় (সিইউএফএল) গ্যাস সরবরাহের কারণে নগরের বিভিন্ন এলাকায় গ্যাস-সংকট দেখা দিয়েছে। এতে ওই সব এলাকার বাসিন্দারা দুর্ভোগে পড়েন।
ভুক্তভোগীরা জানান, গতকাল রোববার ভোর সাড়ে ছয়টা থেকেই চট্টগ্রাম নগরের বাকলিয়া, জামালখান, রহমতগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহ ছিল না। এ ছাড়া কিছু কিছু এলাকায় গ্যাস সরবরাহ থাকলেও চাপ ছিল স্বাভাবিকের তুলনায় অনেক কম।
গ্যাস-সংকটের কারণে গতকাল বিস্তীর্ণ এলাকার বাসাবাড়িতে চুলা জ্বলেনি। এ কারণে রান্নাবান্না হয়নি। তাই অনেকে হোটেল-রেস্তোরাঁ থেকে সকাল ও দুপুরের খাবার কিনে খেয়েছেন। তবে বিকেলের দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসে।
বাকলিয়ার বাসিন্দা আবুল হোসেন জানান, ভোরে চুলায় দেশলাই দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করা হয়, কিন্তু গ্যাস সরবরাহ না থাকায় চুলা জ্বালানো যায়নি। তাই হোটেল থেকে সকাল ও দুপুরের খাবার কিনে আনা হয়। এ ছাড়া আরও অনেকে শুকনা খাবার খেয়ে গতকাল দুই বেলা কাটিয়ে দেন।
কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) সূত্র জানায়, চট্টগ্রামে গ্যাসের চাহিদা ৪০০ মিলিয়ন ঘনফুটের বেশি। কিন্তু দৈনিক সরবরাহ করা হয় মাত্র ১৯৫ থেকে ২১৫ মিলিয়ন ঘনফুট। এ ছাড়া কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড দীর্ঘ ১০ মাস পর সম্প্রতি সিইউএফএলে গ্যাস সরবরাহ শুরু করে। কারখানার চাহিদার ৫২ মিলিয়ন ঘনফুটের বিপরীতে বর্তমানে সরবরাহ করা হচ্ছে প্রায় ৪৫ মিলিয়ন ঘনফুট। এ কারণে গ্যাসের সংকট সৃষ্টি হয়। কেজিডিসিএলের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘সিইউএফএলে গ্যাস সরবরাহ করতে হচ্ছে। তাই বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহে কিছু সমস্যা হচ্ছে।’