চট্টগ্রামে গ্যাস-সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সরকারি ছয়টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে তিনটিতে গ্যাস-সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। এ কারণে লোডশেডিংয়ের ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। গত কয়েক দিনে চট্টগ্রামে অসহনীয় গরমের সঙ্গে যেন পাল্লা দিয়েই বেড়েছে লোডশেডিংয়ের মাত্রাও। গত পাঁচ দিনের মধ্যে রোববার চট্টগ্রামে সর্বোচ্চ লোডশেডিং হয় বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে।চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণসংযোগ) মো. মুনিরুজ্জামান বলেন, ‘বর্তমানে আমাদের সব বিদ্যুৎকেন্দ্রই সচল রয়েছে। কিন্তু গ্যাস-সংকটের কারণে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর কাঙ্ক্ষিত উৎপাদন ব্যাহত হচ্ছে। একই সঙ্গে চলতি মৌসুমে প্রাকৃতিক কারণে পানির স্তর নেমে যাওয়ায় কাপ্তাই বিদ্যুৎকেন্দ্র থেকেও আশানুরূপ বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এসব কারণেই গ্রাহকের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না সব সময়।’এ বিষয়ে চট্টগ্রাম তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী স্বপনকান্তি চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘আমরা এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎকেন্দ্রের জন্য বাড়তি গ্যাস পাব আশা করছি। এতে বর্তমান বিদ্যুৎসংকট আগের চেয়ে অনেকটা লাঘব হবে।’বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত রোববার লোডশেডিংয়ের পরিমাণ ছিল ১৯০ মেগাওয়াট। গত পাঁচ দিনের মধ্যে এটি ছিল সর্বোচ্চ। এদিন চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা ছিল ৬৭৫ মেগাওয়াট। কিন্তু জাতীয় গ্রিড থেকে এদিন কোনো বিদ্যুৎ পাওয়া যায়নি। বরং চট্টগ্রাম থেকে ১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে চলে গেছে। নগরের লালখান বাজার এলাকার একটি প্রযুক্তিপণ্য বিপণন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আলমগীর হোসেন বলেন, সকাল থেকে তিন-চার ঘণ্টা একনাগাড়ে লোডশেডিং চলছে কয়েক দিন ধরে। আইপিএস দিয়েও বিকল্প বিদ্যুতের কাজ চালানো কঠিন হয়ে পড়েছে। চট্টগ্রামে ছয়টি সরকারি এবং পাঁচটি বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র রয়েছে। সরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো হচ্ছে কাপ্তাই, রাউজান, শিকলবাহা ৬০ ও ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট, ১০০ মেগাওয়াট হাটহাজারী এবং দোহাজারী বিদ্যুৎকেন্দ্র। এর মধ্যে রাউজান, শিকলবাহা ৬০ ও ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট চলে গ্যাসে। হাটহাজারী ও দোহাজারী হচ্ছে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। কিন্তু তেলে খরচ বেশি হয় বলে এ দুটি বিদ্যুৎকেন্দ্রে সীমিত আকারে উৎপাদন করা হয়। বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো হচ্ছে শিকলবাহা এনার্জি পাওয়ার লিমিটেড, নোয়াপাড়া কুইক রেন্টাল, বারবকুণ্ড রিজেন্ট পাওয়ার লিমিটেড, মালঞ্চ ইউনাইটেড পাওয়ার লিমিটেড, জুলধা ১০০ মেগাওয়াট কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র।