চট্টগ্রামে গ্যাস সংকটে ভোগান্তি
চট্টগ্রাম নগরে গ্যাস-সংকট দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরের বিভিন্ন এলাকার গ্রাহকেরা ঠিকমতো গ্যাস পাননি।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা জানান, স্বাভাবিক সময়ের তুলনায় গত দুই দিন চট্টগ্রামে অনেক কম গ্যাস সরবরাহ করা হয়েছে। বর্তমানে গ্যাসের চাহিদা প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে পাওয়া যাচ্ছে গড়ে ২৭৫ মিলিয়ন ঘনফুট। কিন্তু গতকাল চট্টগ্রামে মাত্র ১৪২ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেছে।
গতকাল নগরের দামপাড়া, আগ্রাবাদ, মাদারবাড়ী, আসকারদীঘির পাড়, নন্দনকানন, লাভলেইন, পাহাড়তলী, বাকলিয়া, বহদ্দারহাট, জামালখান, চকবাজারসহ অনেক এলাকাতেই সকাল সাতটায় গ্যাস চলে যায়। অধিকাংশ এলাকায় বিকেল চারটার আগে গ্যাস আসেনি।
লাভলেইনের আবেদিন কলোনির বাসিন্দা হামিদা বানু বলেন, মাঝেমধ্যেই গ্যাস থাকে না। তখন রান্না করতে খুব সমস্যা হয়।
বহদ্দারহাট এলাকার বাসিন্দা ফরিদ আলম জানান, বেলা দুইটার দিকে তাঁর বাসায় গ্যাস আসে। তবে চুলায় গ্যাসের চাপ ছিল অনেক কম।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক খোন্দকার শহিদুল গণি বলেন, তিন দিন ধরে হাসপাতালে নিয়মিত গ্যাস পাওয়া যাচ্ছে না। তিনি প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে প্রতিদিন তিন বেলা প্রায় আড়াই হাজার রোগীর জন্য রান্না করতে হয়। কিন্তু গ্যাস না পাওয়ায় এলপি গ্যাস দিয়ে রান্না করতে হচ্ছে। এ ব্যাপারে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষকে অভিযোগ করেও সদুত্তর পাইনি।’
কর্ণফুলী গ্যাসের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) খন্দকার মতিউর রহমান বলেন, ‘নগরের বিভিন্ন এলাকা থেকে সংকটের বিষয়ে অভিযোগ আসছে। কিন্তু এ ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। সরবরাহ কম আসার বিষয়টি ইতিমধ্যে পেট্রোবাংলাকে জানানো হয়েছে। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে।’