চট্টগ্রামে গ্যাসলাইনে তলানি ১২ কারখানায় উৎপাদন বন্ধ
চট্টগ্রামে গ্যাসলাইন দিয়ে অনবরত আবর্জনা ও তলানি আসছে। ফলে নগরের কর্ণফুলী নদীর দক্ষিণ তীরের ১২টি বৃহৎ শিল্পকারখানায় উৎপাদন প্রায় বন্ধ হয়ে আছে। ওই শিল্প এলাকায় পেট্রোবাংলার স্থাপিত একটি সিএমএস (বৃহৎ কারখানার কাছে স্থাপিত গ্যাস মিটার) মিটারও নষ্ট হয়ে গেছে। শিল্পোদ্যোক্তারা অভিযোগ করেছেন, সমস্যা সমাধানের জন্য তাঁরা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) কাছে বারবার ধরনা দিচ্ছেন। কিন্তু কোনো ইতিবাচক সাড়া পাচ্ছেন না।কারখানাগুলোর মধ্যে রয়েছে মডার্ন পলি ইন্ডাস্ট্রি, কামাল সিএনজি স্টেশন, এস আলম কোলরোল স্টিল, এস আলম স্টিলস লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম সুপার অ্যাডিবল অয়েল, এস আলম ভেজিটেবল অয়েল এবং এস আলম পাওয়ার প্ল্যান্ট ও মাসুদ ফিশারিজ।মডার্ন পলি ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী প্রথম আলোকে বলেন, গত ২৩ মার্চ থেকে কারখানায় উৎপাদন বন্ধ। গ্যাসের আবর্জনার কারণে কারখানার জেনারেটর নষ্ট হয়ে গেছে। এটি মেরামত করতে অন্তত ৬০ লাখ টাকা খরচ হবে। তা ছাড়া মডার্ন পলি কারখানা বন্ধ থাকায় প্রতিদিন ৫২ লাখ টাকার পলিস্টার সুতা উৎপাদন বন্ধ রয়েছে। তিনি বলেন, ‘এক মাসের বেশি কারখানা বন্ধ থাকার পরও কেজিডিসিএলকে মাসিক ন্যূনতম ১৩ লাখ ৯২ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে।’কেজিডিসিএল সূত্রে জানা গেছে, গ্যাসলাইনে আবর্জনা আসার বিষয়টি দুইবার লিখিতভাবে পেট্রোবাংলাকে জানানো হয়েছে। চিঠিতে জাতীয় গ্রিডলাইনসহ বড় বড় শিল্পকারখানা (বাল্ক), সারকারখানা ও বিদ্যুৎকেন্দ্রের গ্যাসলাইন থেকে তলানি অপসারণের প্রস্তাব করা হয়। কিন্তু চিঠির কোনো উত্তর মেলেনি।পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) মোল্লা মবিরুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টি শুনিনি। এ ধরনের সমস্যা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামে জাতীয় গ্রিড থেকে মাত্র একটি লাইনে গ্যাস সরবরাহ করা হয়। এ লাইন পরিষ্কার করতে হলে কমপক্ষে ছয় মাসের প্রস্তুতির দরকার।’কেজিডিসিএল সূত্রে জানা গেছে, আবর্জনার কারণে চট্টগ্রামে বড় বড় শিল্পকারখানা ও গ্যাসের বৃহৎ গ্রাহক প্রতিষ্ঠানগুলো উৎপাদন নিয়ে সংকটে পড়েছে। গত এক সপ্তাহে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির (কাফকো) গ্যাসলাইন থেকে চার ভাউজারে ৩৬ হাজার লিটার তলানি অপসারণ করা হয়। পরে তলানি পদ্মা অয়েলের কাছে বিক্রি করা হয়। এসব তলানি পরিশোধনের মাধ্যমে ডিজেল ও অন্যান্য জ্বালানি তেলে রূপান্তর করা হয়। শিল্পকারখানার মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে কারখানার গ্যাসলাইনে আবর্জনা ও তলানির উপস্থিতি ধরা পড়ে। প্রথম দিকে ফিল্টার ব্যবহার করে তা অপসারণের চেষ্টা করা হয়। কিন্তু ফিল্টার অকেজো হয়ে পড়লে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। জানা যায়, গ্যাসলাইনে সহনীয় মাত্রায় তলানি থাকে। এগুলো নিয়মিত অপসারণ (পিগিং) করতে হয়। ২০০৭ সালে জাতীয় গ্রিডের লাইন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু লাইন পরিষ্কারের আগেই ওই কাজ বন্ধ করে দেওয়া হয়। ফলে গ্যাসলাইনের তলানি অনেক জায়গায় থেকে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক কেজিডিসিএলের একজন কর্মকর্তা বলেন, গ্যাসলাইন পরিষ্কার রাখতে শিগগিরই এসব তলানি ও আবর্জনা অপসারণ করতে হবে। অন্যথায় আরও নতুন নতুন কারখানা গ্যাসলাইনের আবর্জনায় আক্রান্ত হতে পারে।জানা গেছে, তৃতীয় কর্ণফুলী সেতুর দক্ষিণপাড় ঘেঁষে গত এক দশকে বেশ বড় শিল্পাঞ্চল গড়ে উঠেছে। এখানে দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ অন্তত ১৫টি ভারী শিল্পকারখানা রয়েছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর মধ্যে মডার্ন পাওয়ার কোম্পানির উৎপাদনক্ষমতা সাত মেগাওয়াট, এস আলম পাওয়ার প্লান্টের পাঁচ মেগাওয়াট। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করেই বেশির ভাগ কারখানা চালু রাখা হয়।