চট্টগ্রামে গ্যাসের আবাসিক সংযোগে বৈষম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের সংযোগ বিষয়ে মন্ত্র্রণালয়ের একটি নির্দেশনার ভুল ব্যাখ্যা করার কারণে চট্টগ্রামে প্রায় দুই হাজার গ্রাহক নতুন সংযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
গ্রাহক ও ঠিকাদারেরা অভিযোগ করছেন, সরকারি নির্দেশনার দোহাই দেখিয়ে একমাত্র কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) গ্রাহকদের এক ইঞ্চি লাইনের সংযোগ দেওয়া বন্ধ রেখেছে। তবে অন্যান্য গ্যাস বিতরণ কোম্পানি আবেদন করা গ্রাহকদের এক ইঞ্চি লাইনে নতুন সংযোগ দিচ্ছে।
একাধিক গ্যাস বিতরণ কোম্পানি সূত্রে জানা গেছে, সারা দেশে নতুনভাবে গ্যাসের আবাসিক সংযোগ দেওয়ার সিদ্ধান্তের পর গত বছরের ৭ মে মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা জারি করা হয়। সেখানে বলা হয়েছে, ‘গ্যাস-সংযোগের ক্ষেত্রে নতুন এলাকা বর্ধিত করা যাবে না। যেসব এলাকায় গ্যাস বিতরণ লাইন বিদ্যমান, সেসব এলাকায় নিজ নিজ বিতরণ কোম্পানির মাধ্যমে পর্যায়ক্রমে সংযোগ দেওয়া যেতে পারে।’
কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (বিপণন) ফিরোজ আলম ভুঁইয়া প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে আমরা এক ইঞ্চি সংযোগ দেওয়া বন্ধ রেখেছি। আমরা মনে করি, এক ইঞ্চি লাইনে সংযোগ দিলে তা সম্প্রসারণের আওতায় চলে আসবে।’
এ বিষয়ে বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের বক্তব্য ভিন্ন। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (বিপণন) এহসানুল হক পাটওয়ারী প্রথম আলোকে বলেন, ‘কেজিডিসিএলের এ ব্যাখ্যাটিকে আমি ভুল ব্যাখ্যা বলব। কারণ নির্দেশনা রয়েছে, নতুন এলাকা বর্ধিত করা যাবে না। অর্থাত্ বিতরণ লাইনটিকে বাড়ানো যাবে না। এর সঙ্গে ইঞ্চির কোনো হিসাব নেই। তাই আমরা বিতরণ লাইন থেকে এক ইঞ্চি লাইনের সংযোগ দিচ্ছি।’
পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুরও বলেন, ‘বিদ্যমান বিতরণ লাইন থেকে এক ইঞ্চি লাইনের সংযোগ দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা তো দেখছি না।’
তিতাস গ্যাস সরবরাহ ও বিতরণ কোম্পানিও বিদ্যমান বিতরণ লাইন থেকে আবাসিক গ্রাহকদের সব ধরনের সংযোগ দিচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক (অপারেশন) মীর মশিউর রহমান।
এ বিষয়ে কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (বিতরণ) সহিদ আলী বলেন, ‘অন্য গ্যাস কোম্পানি কীভাবে সংযোগ দিচ্ছে, আমাদের জানা নেই। মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর আমরা পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছি। যদি আমাদের ব্যাখ্যা ভুল হয় এবং ওপর থেকে গ্যাস-সংযোগ দেওয়ার নির্দেশনা আসে, তবে সংযোগ দিতে আমাদের কোনো আপত্তি নেই।’
গ্রাহক ও ঠিকাদারদের সূত্রে জানা গেছে, আবেদনকারী এসব গ্রাহকের অনেকেই পাঁচ-ছয় বছর ধরে সংযোগ পাওয়ার অপেক্ষা করছেন। তাঁরা ২০১০ সালের আগে অনুমোদিত ও তালিকায় থাকা গ্রাহক। বঞ্চিত অনেক গ্রাহক আছেন, যাঁদের এক ইঞ্চির পরিবর্তে তিন থেকে চার ইঞ্চি লাইনে গ্যাস-সংযোগ দেওয়া সম্ভব।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ কে এম অলিউল্লাহ বলেন, ‘সরকারি নির্দেশনার ভুল ব্যাখ্যা করে গ্রাহকদের সংযোগ দেওয়া বন্ধ রেখেছে কেজিডিসিএল। অনুমোদিত সার্ভিস লাইনের অর্থ জমা নিয়ে কোম্পানিই একসময় এসব গ্রাহককে এক ইঞ্চি লাইনে গ্যাস দেওয়ার তালিকায় রেখেছিল। সংযোগ না পেয়ে গ্রাহকেরা ঠিকাদারদের দুষছেন। অনেক এলাকায় ঠিকাদারেরা গ্রাহকদের হাতে লাঞ্ছিত হচ্ছেন। ভয়ে তাঁরা এলাকায় যেতে পারছেন না।’
একই ধরনের বক্তব্য চট্টগ্রাম গ্যাস বিদ্যুত্ পানি গ্রাহক কল্যাণ পরিষদেরও। সংগঠনটির সভাপতি নেছার আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এক ইঞ্চি লাইনে সংযোগ বন্ধ রাখার অযৌক্তিক সিদ্ধান্তে হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। অন্য কোম্পানিগুলো গ্যাস-সংযোগ দিতে পারলে কেজিডিসিএলের সমস্যাটা কোথায় বুঝতে পারছি না।’