চট্টগ্রামে গ্রামীণ খেলাধুলার প্রতিযোগিতা
চট্টগ্রাম নগরের আউটার স্টেডিয়ামে গতকাল বুধবার গ্রামীণ খেলাধুলার আসর বসেছিল। দাড়িয়াবান্ধা, কাবাডি, মোরগ লড়াইসহ ১০টি ইভেন্টে দিনব্যাপী গ্রামীণ খেলাধুলার এই প্রতিযোগিতার আয়োজন করে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা।
‘কানামাছি ভোঁ ভোঁ, যারে পাবি তারে ছোঁ’ কিংবা ‘হাডুডু’ শব্দে নগরজীবনে ভিন্ন মাত্রা যোগ করেছিল। আউটার স্টেডিয়ামের ফুটপাতে বসে অনেক শৌখিন দর্শক যেন ফিরে গেছেন নিজেদের দুরন্ত শৈশব আর কৈশোরে।
দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিভাগের ১১টি জেলার মধ্যে ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, বান্দরবান ও কুমিল্লা জেলার কয়েক শ প্রতিযোগী অংশ নেন।
চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, পল্লি অঞ্চলের বিলুপ্তপ্রায় খেলাধুলা পুনরায় জনপ্রিয় করে তোলার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এটি প্রধানমন্ত্রীর ইচ্ছা। উপজেলা পর্যায়ে যেসব দল চ্যাম্পিয়ন হয়েছে, তারা জেলা পর্যায়ে অংশ নিয়েছে। এরপর জেলা পর্যায়ে চ্যাম্পিয়নরা বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
সকালে দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মো. আবদুল্লাহ। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোডের্র সহসভাপতি আ জ ম নাছির উদ্দিন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।