চট্টগ্রামে গ্রামীণফোনের ১১ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
লোভনীয় প্রলোভন দেখিয়ে নিরীহ গ্রাহকদের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে চট্টগ্রামের আদালতে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ মোট ১১ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।গতকাল সোমবার সকালে চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসীর আহমদের আদালতে মামলাটি করেন চট্টগ্রাম জজ আদালতের আইনজীবী এস এইচ এম হাবিবুর রহমান আজাদ। আদালত অভিযোগ আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের জন্য মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠিয়েছেন।এই মামলার আসামিরা হলেন: গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টরি জনসন, সিআরও কাজী মনিরুল কবির, সিএফও ফ্রিডসিজফ রাসপটিন, সিপিও তানবীর মাহমুদ, সিসিএও মোহাম্মদ হোসাইন, এসএও এলান বনকি, ইও আদনান কবির, ব্যবস্থাপক (হিসাব) সমির জিৎ, উপব্যবস্থাপক (প্রশাসন) আশিক গাই, গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের অপারেটর রাজীব ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান মো. আরিফুজ্জামান।বাদীর আইনজীবী প্রথম আলোকে বলেন, ‘লোভনীয় প্রলোভন দেখিয়ে গ্রাহকদের বিশ্বাস ভঙ্গ ও অর্থ আত্মসাতের অভিযোগে আমার মক্কেল দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৩৪ ধারায় মামলাটি করেছেন। আদালত মামলাটি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের জন্য মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠিয়েছেন।’মামলার বাদী এস এইচ এম হাবিবুর রহমান আজাদ প্রথম আলোকে বলেন, ‘১০ টাকার বিনিময়ে গ্রামীণ থেকে গ্রামীণ নম্বরে ৪০ মিনিট (প্রতি মিনিট ২৫ পয়সায়) কথা বলার প্রলোভন দেখিয়ে ভ্যাটসহ আমার ১১ টাকা ৫০ পয়সা কেটে নেওয়া হয়। গ্রামীণফোন থেকে এসএমএস পাঠিয়ে আমার এসএমএস পাওয়ার স্বীকারোক্তিও জানানো হয়। অথচ আমি অফারটি ভোগ করতে পারিনি। এর আগেই আমার ব্যালেন্স শূন্য হয়ে যায়।’