চট্টগ্রামে গ্রিল কেটে ছয়টি প্রতিষ্ঠানে চুরি
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় একই ভবনের ছয়টি ব্যবসায়িক কার্যালয়ে গত সোমবার রাতে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল কার্যালয়গুলো থেকে অন্তত তিন লাখ টাকা নিয়ে গেছে এবং মূল্যবান দলিলপত্র তছনছ করেছে।পুলিশ জানায়, সরকারি কমার্স কলেজসংলগ্ন ইব্রাহিম ভবনের বিভিন্ন তলার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে। যেসব প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে সেগুলো হলো, মেসার্স জেমস ইন্টারন্যাশনাল, সি-গ্লোরি শিপিং, সি-লিফট মেরিটাইম, বেঙ্গল হারভেজ, অনন্ত ডেনিম লিমিটেড এবং এ আজিজ অ্যান্ড কোম্পানি। কমার্স কলেজসংলগ্ন ইব্রাহিম ভবনের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় এই কার্যালয়গুলোর অবস্থান।চুরির কথা নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ছয়টি কার্যালয়ে চোরের দল ঢুকে এ কার্যালয়গুলো থেকে আড়াই-তিন লাখ টাকা নিয়ে গেছে। ভবনের পেছনে পাইপ বেয়ে ওপরে উঠে গ্রিল কেটে চুরি করা হয়। তিনি বলেন, এসব ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।