চট্টগ্রামে গ্রিল কেটে বাসায় চুরি
চট্টগ্রাম নগরের মিস্ত্রিপাড়া এলাকায় গত বৃহস্পতিবার রাতে একটি বাসায় চুরি হয়েছে। চোরেরা বাসার গ্রিল কেটে টাকা, স্বর্ণালংকারসহ সাড়ে সাত লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানা গেছে।বাড়ির মালিক ব্যবসায়ী মো. নুরুচ্ছফা জানান, চোরেরা বাসা থেকে ৭০ হাজার টাকা, ২২ ভরি স্বর্ণালংকার, একটি ভিডিও ক্যামেরা, দুটি ডিজিটাল ক্যামেরা, দুটি মোবাইল ফোনসেটসহ অন্যান্য সামগ্রী নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, নুরুচ্ছফা ও তাঁর পরিবারের সদস্যরা বিকেল চারটার দিকে বাসায় তালা দিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যান। রাত ১০টার দিকে বাসায় ফিরে তাঁরা দেখতে পায়, আলমারি খোলা ও জিনিসপত্র তছনছ হয়ে আছে এবং জানালার গ্রিল কাটা। ডবলমুরিং থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রত্নেশ্বর মজুমদার বলেন, বাসার মালিক সাড়ে সাত লাখ টাকার মালামাল খোয়া গেছে দাবি করে একটি মামলা করেছেন। ঘটনার তদন্ত চলছে।