চট্টগ্রামে গ্রেপ্তার আরএসও নেতাসহ পাঁচজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) শীর্ষ দুই নেতাসহ পাঁচজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। নগর পুলিশের গোয়েন্দা শাখার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আহম্মদ সাঈদ শুনানি শেষে এ আদেশ দেন।
গত রোববার বেলা পৌনে একটায় জঙ্গি সন্দেহে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরএসওর শীর্ষ দুই নেতা এবং পাকিস্তানের এক নাগরিকসহ পাঁচজনকে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ আটক করে। আটক পাঁচ ব্যক্তি হলেন আরএসওর সভাপতি সালামত উল্লাহ (৪৫) ও সহসভাপতি মো. শফিউল্লাহ (৪০), পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আলম (৪৪), মোহাম্মদ আমিন (৫০) ও সৌদিপ্রবাসী রোহিঙ্গা আবদুল মজিদ।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, জঙ্গি সন্দেহে আটক পাঁচজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের হোটেলে বৈঠক করা প্রসঙ্গে জানতে পুলিশের আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ প্রয়োজন। কী উদ্দেশ্যে তাঁরা হোটেলে জড়ো হয়েছিলেন, তা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারেনি পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁরা এলোমেলো তথ্য দিচ্ছেন। তাই তাঁদের জিজ্ঞাসাবাদ করতে তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আফতাব হোসেন ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন মৌখিকভাবে। আদালত তা নাকচ করে দেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মো. সালাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘তাঁরা জঙ্গি নন। ব্যবসায়িক কাজে হোটেলে উঠেছিলেন।’
নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার কুসুম দেওয়ান বলেন, ‘গ্রেপ্তার হওয়া পাঁচজনই আমাদের সঠিক তথ্য দেননি। অসংলগ্ন কথাবার্তা বলছিলেন তাঁরা। তাই তাঁদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আমরা রিমান্ড আবেদন করেছি। আদালত রিমান্ড মঞ্জুর করেছেন। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আট সদস্যের সেল প্রস্তুত আছে।’