চট্টগ্রামে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যরাতে ভুয়া পরিচয়ে বাসভবনে গিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসককে কম দামে গাড়ি বিক্রির প্রস্তাব দেন দুই ব্যক্তি। সন্দেহ হওয়ায় জেলা প্রশাসক পুলিশে খবর দেন। পরে পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে।গত বুধবার গভীর রাতে চট্টগ্রাম নগরের ডিসি হিলে জেলা প্রশাসকের বাসভবনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন হাফিজুর রহমান খান ওরফে দেলোয়ার (৫০) ও তাঁর ছেলে সবুর খান (২৮)।সূত্র জানায়, জেলা প্রশাসকের বাংলোর ফটকে নিরাপত্তাকর্মীদের কাছে হাফিজুর খুলনা-২ আসনের সাংসদ এবং ছেলে সবুর খান সাংসদের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দেন। এরপর তাঁরা বাংলোয় প্রবেশ করেন।গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘গত বুধবার গভীর রাতে ডিসি হিলে জেলা প্রশাসকের বাংলোয় যান হাফিজুর ও তাঁর ছেলে। তাঁদের গাড়িতে জাতীয় সংসদের মনোগ্রাম লাগানো ছিল। সাবেক কাস্টমস কমিশনার পরিচয় দিয়ে গাড়ি বিক্রির প্রস্তাব দিলে জেলা প্রশাসকের সন্দেহ হয়। বিষয়টি তিনি কোতোয়ালি থানাকে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে তাঁদের গ্রেপ্তার করে।’পুলিশ জানায়, ওই দুই ব্যক্তিকে বহনকারী প্রাইভেট কারটি পুলিশ আটক করেছে। গাড়িতে ‘বাংলাদেশ জাতীয় সংসদ’ লেখা মনোগ্রাম ছিল।তবে গ্রেপ্তার হাফিজুর সাংবাদিকদের বলেন, ‘আমি কোনো প্রতারণা করিনি। কয়েকজন কাস্টমস কর্মকর্তা আমাকে গাড়ির ব্যবস্থা করে দিতেন, আমি সেগুলো বিক্রি করতাম।’ জাতীয় সংসদের মনোগ্রাম বিষয়ে তিনি বলেন, ‘ওটা প্লাস্টিকের। আমার নাতি খেলনা হিসেবে কিনেছে।’পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া হাফিজুর একেক সময় একেক পরিচয় ব্যবহার করে প্রতারণা করতেন। সাবেক কাস্টমস কমিশনার পরিচয় দিয়ে হাফিজুর উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সখ্য গড়ে তুলতেন। পরে অল্প দামে গাড়ি কিনে দেওয়ার কথা বলে অগ্রিম টাকা নিয়ে সরে পড়তেন। হাফিজুরের নামে চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ ও খুলনার বিভিন্ন থানায় এবং আদালতে ১৭টি প্রতারণার মামলা আছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যবসায়ী অমিত কুমার হোড় দাবি করেন, হাফিজুর প্রতারণার মাধ্যমে তাঁর কাছ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় প্রতারণা ও অবৈধভাবে জাতীয় সংসদের মনোগ্রাম ব্যবহারের ঘটনায় মামলা করা হয়েছে।