চট্টগ্রামে গ্রেপ্তার ৬, প্রতারণার ফাঁদে ফেলে অপহরণ, অর্থ আত্মসাৎ
প্রতারণার ফাঁদে ফেলে অপহরণ ও অর্থ আত্মসাতের অভিযোগে নগর, মিরসরাই ও ফেনী জেলায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহূত খেলনা পিস্তল, মুঠোফোন, ভিডিও ক্যামেরা, নন জুডিশিয়াল স্ট্যাম্প ও দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: আইয়ুব আলী ওরফে সবুজ (৩৫), লিয়াকত আলী (৪০), ইকবাল (২০), রাশেদা বেগম ওরফে জ্যোৎস্না (২৪), তামান্না আক্তার (২৫) ও ফাতেমা আক্তার (২২)। নগরের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বলেন, ‘এ চক্র প্রতারণার শুরুতে কোনো একজন ব্যক্তিকে নির্ধারণ করে। এরপর মুঠোফোনে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে চক্রের কোনো এক নারী সদস্য।’মুঠোফোনে নিয়মিত যোগাযোগের ভিত্তিতে ওই নারীর সঙ্গে দেখা করতে এলে ওই ব্যক্তিকে জোরপূর্বক অপহরণ করা হয়। পরিদর্শক সদীপ কুমার দাশ বলেন, ‘নগরের এক ব্যবসায়ী ওই ফাঁদে পড়েন। অপহরণের পর তাঁকে আটকে রেখে চক্রের নারী সদস্যদের সঙ্গে অশালীন ছবি তোলা হয়। ওই সময় ব্যবসায়ীকে নগরের উত্তর কাট্টলী এলাকার একটি বাসায় আটকে রাখা হয়। জিম্মি করে তাঁর বাসা থেকে ৫০ হাজার টাকা ও একটি মোটরসাইকেল নিয়ে যান প্রতারক চক্রের সদস্যরা। এরপর ওই ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয়। পরে মুঠোফোনে আরও ১০ লাখ টাকা দাবি করে প্রতারক চক্র। টাকা না দিলে অশালীন ছবিগুলো প্রকাশের হুমকি দেওয়া হয়। এরপর ওই ব্যবসায়ী থানায় মামলা করেন। পরিদর্শক সদীপ কুমার দাশ জানান, মুঠোফোনে টাকা দেওয়ার আশ্বাস দিলে নগরের বিপণিবিতান এলাকায় প্রতারক চক্রের তিন সদস্য আসেন। গত শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এরপর নগর, মিরসরাই ও ফেনী থেকে অন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ চক্রের আরও দুই সদস্য পলাতক। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।