চট্টগ্রামে গ্রেপ্তারের পর আসামির কোনো তথ্য নেই অভিযোগপত্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ভিওআইপি-সামগ্রীসহ গ্রেপ্তার হওয়া এক আসামির ব্যাপারে অভিযোগপত্রে কোনো তথ্য না থাকায় দুই পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ কে এম শামসুল ইসলাম। আগামী ৫ এপ্রিল তাঁদের আদালতে হাজির হয়ে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে। আদালত সূত্র জানায়, মামলার শুনানির সময় আসামি বাদ পড়ার বিষয়টি আদালতের নজরে আসে। এরপরই গতকাল মঙ্গলবার বিচারক উপপরিদর্শক (এসআই) নাছিরুল ইসলাম মজুমদার ও আমিনুল ইসলামকে কারণ দর্শানোর নির্দেশ দেন। সূত্র জানায়, এসআই আমিনুল মামলার তদন্ত কর্মকর্তা এবং নাছিরুল আসামি হামিদ হোসাইনকে (২৫) গ্রেপ্তার করেন বলে এজাহারে উল্লেখ আছে। কিন্তু হামিদের গ্রেপ্তার সম্পর্কে অভিযোগপত্রে কোনো তথ্য ছিল না। অভিযানের সময় এই দুই পুলিশ কর্মকর্তা র্যাব-৭-এ কর্মরত ছিলেন। আদালত সূত্র আরও জানায়, ২০০৮ সালের ২৪ মার্চ রাতে নগরের কোতোয়ালি থানাধীন ঘাটফরহাদবেগ এলাকা থেকে বিপুল পরিমাণ ভিওআইপি-সামগ্রীসহ র্যাবের একটি দল হামিদকে গ্রেপ্তার করে। পরে এসআই নাছিরুলের করা মামলায় হামিদকে গ্রেপ্তার দেখানো হয়। আদালত সূত্র আরও জানায়, এসআই আমিনুল ইসলাম ২০০৯ সালের ৭ জুলাই এ ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে আসামি দেখানো হয় দুই ভাই মোহাম্মদ আবদুল্লাহ (৩২) ও মানিক মিয়াকে (২৬)। তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে হামিদের ব্যাপারে কিছু উল্লেখ করেননি। এ বিষয়টি গতকাল বিচারকের নজরে আসে। তাই অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা ও তদন্ত কর্মকর্তাকে আদালত কারণ দর্শানোর আদেশ দেন।