চট্টগ্রামে ঘর থেকে তরুণীর গলিত লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার একটি ঘর থেকে গতকাল বুধবার অজ্ঞাত (২২) এক তরুণীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। ওই বাসার লোকজন বাইরে থেকে তালা দিয়ে চলে যাওয়ার দুই দিন পর পুলিশ লাশটি উদ্ধার করে। ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।বায়েজিদ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, দুই-তিন দিন আগে ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। এরপর লাশ সরানোর চেষ্টা হয়েছিল। সুযোগ না পাওয়ায় বাসার লোকজন ঘরে তালা মেরে পালিয়ে গেছে বলে মনে হচ্ছে। তরুণীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, ‘কুলগাঁও মাইটপাড়ার কবির ড্রাইভারের বাড়ির জনৈক ফজলু ওই এলাকায় আট কক্ষের টিনশেড কলোনি তৈরি করেন। ওই কলোনির সর্বশেষ কক্ষে চারজন ভাড়াটিয়া থাকতেন। তাঁদের মধ্যে রফিক ও তাঁর স্ত্রী পোশাক কারখানায় কাজ করতেন। একই ঘরে রফিকের বাবা ও এক ভাই থাকতেন। তাঁরা ছিলেন দিনমজুর। ওই ঘরে ওই তরুণী কীভাবে এসেছেন তা এলাকার কেউ পুলিশকে জানাতে পারেনি। তবে ওই তরুণী পোশাককর্মী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।গত ১৪ এপ্রিল নববর্ষের রাতে পতেঙ্গার সমুদ্রসৈকত এলাকা থেকে পুলিশ সোহাগী আক্তার (২২) নামে এক পোশাককর্মীর জবাই করা লাশ উদ্ধার করেছিল।