চট্টগ্রামে ঘরের দেয়াল ধসে প্রাণ গেল শিশুর
চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার ছোট কালীবাড়ি এলাকায় আধা পাকা ঘরের দেয়াল ধসে রুদ্র দাশ (৫) নামের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন দুজন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় এ দুর্ঘটনা ঘটে।
আহত দুজন রুদ্র দাশের স্বজন। তাঁরা হলেন প্রিয়সী দাশ (২২) ও তাঁর মা লাকী দাশ (৫০)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আকবর শাহ থানার তথ্য অনুযায়ী, থানার ছোট কালীবাড়ির মুখসংলগ্ন বড়দা বিশ্বাস সড়কের দাশবাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রবাসী শ্যামল দাশের মালিকানাধীন পুরোনো আধা পাকা ঘরের একটি কক্ষের দেয়াল ধসে পড়ে। এতে ওই কক্ষের ভাড়াটেরা হতাহত হন।
দেয়াল ধসে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) সাকের আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, ঘরটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। এ কারণে দেয়াল ধসে পড়ে। এতে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। আহত দুজন শিশুটির আত্মীয়। তবে ওই কক্ষে শিশুটির মা প্রিয়াংকা দাশ থাকলেও তিনি আহত হননি। বাবা সুকুমার দাশ বাড়িতে ছিলেন না।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সদস্যরা জানান, নিহত রুদ্র দাশের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্তরপাড়ায়। এ ঘটনায় আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা এখন সুস্থ আছেন।