চট্টগ্রামে ঘাটশ্রমিকদের কর্মবিরতি, পণ্য খালাস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘাটশ্রমিকদের একাংশের কর্মবিরতির কারণে কর্ণফুলী নদীর বেসরকারি ঘাটগুলোতে লাইটার জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। মজুরি বাড়ানোর দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকেরা।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য স্থানান্তর করে এসব ঘাটে এনে খালাস করা হয়। কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকায় ১৬টি বেসরকারি ঘাট রয়েছে। এসব ঘাটে ভোগ্যপণ্য, সার ও শিল্পের কাঁচামাল খালাস হয়।
ঘাট ঠিকাদারেরা জানান, কর্মবিরতির কারণে ঘাটে সাতটি জাহাজ আটকা পড়েছে। এ ছাড়া ঘাটে ভিড়ে পণ্য খালাসের জন্য কর্ণফুলী নদীতে অপেক্ষায় আছে ১১টি জাহাজ।
চট্টগ্রাম ঘাট গুদাম শ্রমিক সংগ্রাম কমিটির সদস্যসচিব রাজা মিয়া হাওলাদার প্রথম আলোকে জানান, গত ২৬ জুন গুদাম ঠিকাদারদের সঙ্গে স্থানীয় সাংসদ এম এ লতিফ ও চট্টগ্রাম চেম্বারের নেতাদের নিয়ে একটি বৈঠক হয়। ওই বৈঠকে ১ জুলাই থেকে বর্ধিত মজুরি প্রদান করার কথা ছিল। বর্ধিত মজুরি কার্যকর না হওয়ায় শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেছেন। দাবি না মানা পর্যন্ত তা অব্যাহত থাকবে।
শ্রমিকদের দাবির বিষয়ে জানতে চাইলে ঘাট ঠিকাদার সমিতির সভাপতি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম চেম্বার থেকে আমদানিকারকদের কাছে একটি চিঠি পাঠানোর কথা। ওই চিঠি পাঠানোর পরই নিয়মানুযায়ী আমদানিকারকেরা বর্ধিত মজুরি পরিশোধ করবেন। এরপর আমরা আমদানিকারকদের কাছ থেকে নিয়ে শ্রমিকদের বর্ধিত মজুরি পরিশোধ করব।’ তিনি জানান, চট্টগ্রাম চেম্বার সভাপতি বিদেশ থেকে ফেরার পরই শনিবার এই চিঠি পাঠানোর কথা রয়েছে।
ঘাটে পণ্য খালাসের প্রক্রিয়া অনুযায়ী, লাইটার জাহাজ থেকে প্রথমে ক্রেনের সাহায্যে পণ্য খালাস করে ঘাটে রাখা হয়। এরপর ওজন করে শ্রমিকেরা মাথায় নিয়ে বস্তাবন্দী পণ্য ট্রাকে বোঝাই করেন। এই শ্রমিকদের নিয়োগ দেয় ঘাট ঠিকাদারি প্রতিষ্ঠান। আর আমদানিকারকের পক্ষে কাজ করেন ঘাট ঠিকাদারেরা।