চট্টগ্রামে চকের গুঁড়া মিশিয়ে বিক্রি হচ্ছে সাদা সিমেন্ট!
চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার নয়াবাজারের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের গুদামে আমদানি করা সাদা সিমেন্টের (হোয়াইট সিমেন্ট) সঙ্গে চকের গুঁড়া মিশিয়ে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। মেসার্স মা এন্টারপ্রাইজ নামের ওই প্রতিষ্ঠানে সাদা সিমেন্ট, পাডলু সিমেন্ট, রেড অক্সাইড, চক পাউডার ইত্যাদি পাইকারি বিক্রি ও সরবরাহ করা হয়। নয়াবাজার কাশফিয়া কমিউনিটি সেন্টারের কাছেই এর অবস্থান। এ ব্যাপারে বিএসটিআইর সহকারী পরিচালক কে এম হানিফ প্রথম আলোকে বলেন, ‘এটা ভোক্তার সঙ্গে প্রতারণার শামিল। নির্মাণগত দিক দিয়েও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ, ভেজাল এ সাদা সিমেন্ট ব্যবহারের ফলে ভূমিকম্পসহ যেকোনো ধরনের বিপর্যয়ে বাড়িঘর ও জানমালের ক্ষতি হতে পারে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’গতকাল শনিবার সকালে নয়াবাজারে মা এন্টারপ্রাইজের গুদামে গিয়ে দেখা যায়, দুই-তিনজন শ্রমিক মেঝেতে বসে সাদা সিমেন্টের সঙ্গে চকের গুঁড়া মেশাচ্ছেন। গুদামে ঢোকার সঙ্গে সঙ্গে তাঁরা দাঁড়িয়ে যান। এগুলো কী মেশাচ্ছেন জানতে চাইলে অকপটে জানান, চক পাউডার। কেন? এ প্রশ্নের জবাবে বলেন, ‘মালিকের নির্দেশে আমরা কাজ করি। আমাদের কোনো দোষ নেই।’মা এন্টারপ্রাইজ থেকে কয়েক গজ দূরে সরু একটি গলির ভেতরে গুদাম। সাদা সিমেন্টের বস্তা স্তূপ করে রাখা হয়েছে গুদামের ভেতরে। সেখান থেকে বস্তার মুখ খুলেই শ্রমিকেরা চক পাউডার মেশাচ্ছেন। এরপর তাঁরা গুদামে জমানো বিরলা সিমেন্টের খালি বস্তায় এসব মিশ্রণ ঢুকিয়ে বস্তার মুখ বন্ধ করে দোকানে নিয়ে যান। জানা গেছে, প্রায় সাত-আট মাস আগে গুদামটি ভাড়া নিয়েছেন মো. ইব্রাহীম সুমন। তিনি এখানে আমদানি করা বিরলা হোয়াইট সিমেন্টের বস্তা ও চক পাউডার মজুদ করেন। তাঁর নিয়োজিত শ্রমিকেরা এখানে চক পাউডারের সঙ্গে সাদা সিমেন্ট মেশান। পরে এগুলো বিরলা সাদা সিমেন্টের বস্তায় পুরে বিক্রি করেন। ইব্রাহীম নিজে একসময়ে টাইলস বসানোর কাজ করতেন। পরে দোকান দিয়ে বসেন এবং সাদা সিমেন্ট বিভিন্ন গৃহনির্মাণ প্রতিষ্ঠানে সরবরাহ করেন। গুদামের মালিক মো. বোরহান বলেন, ‘আমি ট্রাকে করে টাইলস পাউডারের (সাদা সিমেন্টের) বস্তা এনে গুদামে রাখতে দেখেছি। এ ছাড়া গুদামে চক পাউডার এনে রাখার কথা শুনেছি। এর বেশি কিছু আমার জানা নেই।’ তবে বাড়ির মালিক তাঁকে আগামী জানুয়ারি মাস থেকে গুদাম ছেড়ে দিতে বলেছেন বলে জানান।খোঁজ নিয়ে জানা যায়, বাজারে আমদানি করা বিরলা সাদা সিমেন্ট প্রতি বস্তা এক হাজার ১০০ টাকা থেকে শুরু করে এক হাজার ২০০ টাকা দামে বিক্রি হয়। কিন্তু ইব্রাহীম সুমন তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে প্রতি বস্তা সাদা সিমেন্ট বিক্রি করেন ৮৫০ টাকায়। সাদা সিমেন্টে ভেজাল মেশানোর কথা সরাসরি অস্বীকার করেন ইব্রাহীম সুমন। তিনি বলেন, ‘আমি আগে সাদা সিমেন্টের বস্তা বাজারে বিক্রির জন্য মজুদ রাখতাম। এখন গুদামে চক পাউডার ছাড়া কিছুই নেই।’ গুদামে সাদা সিমেন্টের বস্তা এবং ভেজার মেশানোর কাজে নিয়োজিত শ্রমিকদের সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।