চট্টগ্রামে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল ‘চিটাগং শর্ট’ আয়োজিত চলচ্চিত্র উৎসবের লোগো উন্মোচন করেন অতিথিরা l প্রথম আলো
চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল ‘চিটাগং শর্ট’ আয়োজিত চলচ্চিত্র উৎসবের লোগো উন্মোচন করেন অতিথিরা l প্রথম আলো

‘মানবতার জন্য চলচ্চিত্র’ স্লোগানে ‘চিটাগং শর্ট’ আয়োজন করেছে মাসব্যাপী চলচ্চিত্র উৎসবের। গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করা হয়।
দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক লোগো উন্মোচনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন। তিনি বলেন, চলচ্চিত্র শুধু বিনোদনমাধ্যম নয়। চলচ্চিত্রের মাধ্যমে তরুণদের সৃজনশীল ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে আগ্রহী করে তোলাও সম্ভব। এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে আরও সচেতন করে তুলবে।
মাসব্যাপী উৎসবে প্রদর্শনীর জন্য বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশের ৮৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে। এর মধ্যে ১৫টি সিনেমা ‘অফিশিয়াল সিলেকশন’ হিসেবে প্রদর্শিত হবে। প্রদর্শিত চলচ্চিত্র থেকে বিচারকেরা শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা ও অভিনেত্রী নির্বাচন করবেন। ২১ জানুয়ারি থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চলচ্চিত্রগুলো প্রদর্শনের পর পুরস্কার বিতরণ করা হবে। এরপর আগামী ৪ থেকে ৮ ফেব্রুয়ারি ঢাকার জাতীয় জাদুঘর মিলনায়তনে ওই ১৫টি চলচ্চিত্র পুনরায় প্রদর্শন করা হবে বলে আয়োজকেরা জানান। এ ছাড়া চলচ্চিত্র নিয়ে মাসব্যাপী ওয়ার্কশপ, ক্লাসসহ বিভিন্ন আয়োজন থাকছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, চিত্রনাট্যকার শাহজাহান শামীম, চলচ্চিত্র পরিচালক সাদাত হোসেন, নির্মাতা রায়হান রাফি, হ্যামার স্ট্রেংথ ফিটনেস সেন্টারের স্বত্বাধিকারী রুম্মান আহমেদ, চিটাগং শর্টের সভাপতি ইসমাইল চৌধুরী, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য এ কে মিত্র ও শারাফাত আলী।

সাফিয়া গাজী রহমান বলেন, মানুষের জীবনের কোনো ঘটনাই অর্থহীন নয়। সিনেমা সেই অর্থটাই খুঁজে বের করে। তরুণদের হাত ধরেই এ দেশের চলচ্চিত্র আরও সমৃদ্ধি লাভ করবে।