চট্টগ্রামে চলছে ভাষা প্রতিযোগ

এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫-এর চট্টগ্রাম আঞ্চলিক উৎসব আজ শুক্রবার। সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ উৎসব শুরু হয়।
শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ উত্তম কুমার আচার্য্য। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন। এর পর বেলুন উড়িয়ে এ ভাষা প্রতিযোগের উদ্বোধন করা হয়।
১০টা পাঁচ মিনিটে শুরু হয় চারটি বিভাগের পরীক্ষা। বরাবরের মতো প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চার বিভাগে চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিয়েছে। পরীক্ষা চলবে ৪০ মিনিট ব্যাপী।
এখানে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম থেকে ৮০০ জনের মতো শিক্ষার্থী নিবন্ধন করেছে।
পরীক্ষা শেষে অনুষ্ঠিত হবে প্রশ্নোত্তর পর্ব। সেখানে তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন বিভিন্ন শিক্ষাবিদেরা।
আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মহাম্মদ দানীউল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন, ব্র্যান্ড অ্যান্ড অ্যাক্টিভেশন বিভাগের প্রধান অরূপ কুমার ঘোষ এবং এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫-এর সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর।
আগামীকাল ১৬ মে কক্সবাজার, ২২ মে নড়াইল, ২৩ মে বরিশাল, ২৬ মে রাজশাহী, ২৯ মে রংপুর ও আগামী ৫ জুন ঢাকায় আঞ্চলিক উৎসব হবে। এসব আঞ্চলিক উৎসবে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নিবন্ধন চলছে। উল্লিখিত অঞ্চল ও তার আশপাশের জেলাগুলোর শিক্ষার্থীরা মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও নিবন্ধন করতে পারবে।