চট্টগ্রামে চলছে ভাষা প্রতিযোগ

এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের চট্টগ্রাম অঞ্চলের উৎসব শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে বেলুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন অতিথিরা।
বৃষ্টি উপেক্ষা করে উৎসব প্রাঙ্গণ ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ মাঠে হাজির হয়েছে প্রায় সাত শ শিক্ষার্থী।
উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজের উপাধ্যক্ষ শাহীন আল রাজী, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, সৈয়দ আজিজুল হক, সৌরভ শিকদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মো. দানীউল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভাষা প্রতিযোগের সমন্বয়ক তারিক মঞ্জুর, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী প্রমুখ।
উৎসবে জাতীয় সংগীত পরিবেশন করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। এ সময় জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা ওড়ানো হয়।
ভাষা প্রতিযোগের লিখিত পরীক্ষা শেষে শুরু হয় শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব।
উৎসবে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।