চট্টগ্রামে চলছে সামাজিক চর্চা কর্মশালা
শিল্পী আর শিল্পের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক তৈরি করতে চট্টগ্রামে শুরু হয়েছে ২০ দিনব্যাপী আন্তর্জাতিক সামাজিক চর্চা কর্মশালা। ফ্লোটিং পিয়ারস- ২০১৩ শীর্ষক এ কর্মশালায় বিশ্বের বিভিন্ন দেশের ৩৮ জন চিত্রশিল্পী অংশ নিয়েছেন। বাংলাদেশে প্রথমবারের মতো এ আয়োজন করা হয়েছে।
যৌথভাবে কর্মশালার আয়োজন করেছে পোড়াপাড়া স্পেস ফর আর্টিস্ট ও ফিনল্যান্ডের এমইউইউ। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কর্মশালার বিষয়বস্তু তুলে ধরেন আয়োজকেরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন কর্মশালার সমন্বয়ক আবু নাসের ও জে পি কালজোনেন।
লিখিত বক্তব্যে আবু নাসের ও জে পি কালজোনেন বলেন, ‘ফ্লোটিং পিয়ারস ২০১৩ আমাদের দেশের ভূমিহীন মানুষের দ্রুত বর্ধনশীল সামাজিক সমস্যার বিষয়ে আলোকপাত করবে যারা স্থায়ী ঠিকানা ও বেঁচে থাকার ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত, যারা বেঁচে থাকার জন্য টোকাই, হকার ও রিকশাওয়ালা বনে যায়।’
এ কর্মশালার মাধ্যমে সমাজের উন্নয়নে স্থানীয় নানা শ্রেণী-পেশার মানুষ ও চিত্রশিল্পীদের সমন্বয়ে ভূমিহীনদের ক্ষমতায়ন এবং শিল্পকে সমৃদ্ধ জীবনযাপনে সচেতন করার লক্ষ্যে কাজ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।