চট্টগ্রামে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন
চট্টগ্রামের মোহরা ও রাস্তার মাথা এলাকায় চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের কাপ্তাই রাস্তার মাথা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ও বিএনপির নগর কমিটির নেতা ও স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এই এলাকায় চাঁদাবাজি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। চাঁদাবাজদের অত্যাচারে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ অতিষ্ঠ।
অবিলম্বে চাঁদাবাজি বন্ধের দাবি জানান বক্তারা। তা না হলে পরবর্তী সময়ে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের নেতা আবদুচ ছালাম, বিএনপির নেতা এরশাদ উল্লাহ, ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপির নেতা মো. আজম, রাজনীতিবিদ নাজিম উদ্দিন, জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, জানে আলম, সিরাজুল ইসলাম, ফারুক, ইমতিয়াজ চৌধুরী, আশেকে রসুল, সরওয়ার বাবুল, এস এম আনোয়ার মির্জা, নজরুল ইসলাম, মোবারক সওদাগর, ছালে আহমদ, মহিউদ্দিন সওদাগর প্রমুখ।