চট্টগ্রামে চাক্তাই খালের খনন কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া চাক্তাই খাল পুনর্খনন শুরু হয়েছে। গতকাল বুধবার বাকলিয়া এলাকায় মাটি কাটা শুরুর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই খালের খননকাজ শুরু হয়। ইতিপূর্বে স্থানীয় সরকার মন্ত্রণালয় চাক্তাই খাল খনন ও উভয় পাশে রাস্তা তৈরির জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনকে ৫৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। জানা গেছে, ১২ কিলোমিটার দীর্ঘ চাক্তাই খাল নগরের ঘনবসতিপূর্ণ চকবাজার ও বাকলিয়ার মধ্য দিয়ে প্রবাহিত। নগরের উত্তর-পূর্বাংশের বহদ্দারহাট থেকে শুরু হয়ে দক্ষিণ-পূর্বাংশের রাজাখালী এলাকা দিয়ে চাক্তাই খাল কর্ণফুলী নদীতে মিশেছে। মির্জা খাল, রাজাখালী, হিজরা খাল, জামালখান খালসহ অনেক শাখা খালের পানি এসে পড়ে চাক্তাই খালে। তাই নগরের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার জন্য চাক্তাই খাল ভরাটকে দায়ী করা হয়। করপোরেশন সূত্র জানায়, চাক্তাই খালের তলদেশ পাকাকরণ শেষ হয় ২০০৫ সালে। তখন খালের দখল ঠেকাতে উভয় পাড়ে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করা হয়। সর্বশেষ ২০০৮ সালে চাক্তাই খাল খনন করা হয়।সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘চাক্তাই খালের পানিপ্রবাহ ঠিক থাকলে বর্ষায় শহরের জলাবদ্ধতার ঝুঁকি অর্ধেক কমে যাবে। এ জন্য শুষ্ক মৌসুমে আমরা খালের মাটি সরানোর কাজ শুরু করেছি। করপোরেশনের ১০টির স্কেবেটার দিয়ে ইতিমধ্যে খননকাজ শুরু করেছি। পাশাপাশি আরও ২০টি স্কেবেটার ভাড়া নেওয়া হচ্ছে।’ তিনি বলেন, উভয় পাড়ে সড়ক নির্মাণের কাজও শিগগিরই শুরু হবে।