চট্টগ্রামে চামড়ার ব্যবসা ছিল উঠতি তরুণদের নিয়ন্ত্রণে!
চট্টগ্রামে এবার কোরবানি পশুর চামড়ার ব্যবসা পাড়ার উঠতি বয়সের তরুণেরা নিয়ন্ত্রণ করেছে। কৌশলে দাম কমিয়ে তারা পশুর চামড়া সংগ্রহ করায় এবার কোরবানি পশুর চামড়ার প্রকৃত দাম পাওয়া যায়নি। উঠতি তরুণেরা আড়তদারদের বেশি দামে চামড়া কিনতে বাধ্য করেছে বলে অভিযোগ উঠেছে।
বৃহত্তর চট্টগ্রামে এবার প্রায় সাড়ে পাঁচ লাখ কোরবানি পশুর চামড়া সংগ্রহ করেছে কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমিতি। এর মধ্যে প্রায় চার লাখ ৪০ হাজার গরুর এবং এক লাখ ছাগলের চামড়া রয়েছে। আর মহিষের চামড়া সংগ্রহ হয়েছে প্রায় ১০ হাজার। ৯০ শতাংশ চামড়া আড়তে পৌঁছে গেছে বলে চামড়ার আড়ত ব্যবসায়ী সূত্রে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম নগরে কোরবানি ঈদের দিন পশুর চামড়ার নিয়ন্ত্রণ নেয় পাড়ার উঠতি বয়সের তরুণেরা। এদের মধ্যে বেশির ভাগ সরকার সমর্থক তরুণ ও কিশোর, যাদের বিরুদ্ধে পুলিশের কাছে কোনো অভিযোগ নেই। এ কারণে তারা চেনামুখ হিসেবে পরিচিত নয়। এদের অনেকেই কলেজের ছাত্র কিংবা কেউ আবার বেকার জীবনযাপন করছে। চামড়া সংগ্রহের জন্য এক পাড়ার ছেলেরা আরেক পাড়ায় যায়নি।
চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবুল হাসনাত মো. বেলাল প্রথম আলোকে বলেন, ‘আমি লালখান বাজারের বাসিন্দা। ৬৫ হাজার টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিয়েছি। পাড়ার ছোট ভাইয়েরা আমার হাতে এক হাজার ৩০০ টাকা দিয়ে চামড়াটি নিয়ে যায়। এই চামড়া আমি দুই হাজার টাকার ওপরে বিক্রি করতে পারতাম। পাড়ার ছোট ভাইয়েরা ছাড়া আর কেউ চামড়া কিনতে আসেনি। ওদের ধার্য করা দরে আমি চামড়া বিক্রি করতে বাধ্য হই।’
লালখান বাজারের কোরবানি চামড়াগুলো আড়তদাররা গড়ে দুই হাজার ৫০ টাকায় কিনেছে। প্রতিটি কাঁচা চামড়ায় ‘ছোট ভাইয়েরা’ ৮০০ টাকা করে মুনাফা করে বলে আবুল হাসনাত মো. বেলাল জানিয়েছেন।
বিভিন্ন সূত্র জানায়, কোরবানির ঈদের দিন চট্টগ্রাম নগরকে প্রায় ৩৫-৩৬টির বেশি পাড়ায় বিভক্ত করে উঠতি তরুণেরা চামড়া কিনেছে। সরকার ঢাকার বাইরে প্রতি বর্গফুট চামড়া ৬০-৬৫ টাকা নির্ধারণ করে দেয়। অথচ কোরবানিদাতারা ৩৫-৪০ টাকার বেশি চামড়ার দর পায়নি বলে অভিযোগ ওঠে। একইভাবে নাসিরাবাদ, বায়েজীদ, আগ্রাবাদ, কোতোয়ালি, হালিশহর, সুগন্ধা, পাঁচলাইশ, চকবাজার, শেরশাহসহ নগরের বিভিন্ন জায়গায় চামড়ার ব্যবসা উঠতি তরুণেরা নিয়ন্ত্রণ করে। তারা কম দামে চামড়া কিনে আড়তদারদের কাছে সরবরাহ করে।
চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. মুসলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বৃহত্তর চট্টগ্রামে এবার প্রায় সাড়ে পাঁচ লাখ পশুর চামড়া সংগ্রহ করা হয়েছে। চট্টগ্রাম নগরে উঠতি বয়সের ছেলেরা এবার চামড়া ব্যবসা নিয়ন্ত্রণ করে। তারা আমাদের কাছে চামড়া নিয়ে এসে দর বেঁধে দেয়। তাদের দরেই আমাদের চামড়া কিনতে বাধ্য করা হয়। এতে আমাদের মুনাফা কম হবে বলে আমার ধারণা।’