চট্টগ্রামে চার চিকিৎসকের জামিন মঞ্জুর

আড়াই বছরের শিশু রাফিদা খান ওরফে রাইফার চিকিৎসায় ইচ্ছাকৃত অবহেলা ও গাফিলতির অভিযোগে করা মামলায় চট্টগ্রামের চার চিকিৎসকের জামিন মঞ্জুর করেছেন আদালত। চার চিকিৎসক হলেন ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী, বিধান রায় চৌধুরী, দেবাশীষ সেনগুপ্ত ও শুভ্র দেব।
আজ সোমবার ভারপ্রাপ্ত চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমান শুনানি শেষে এ আদেশ দেন।
গত ২০ জুলাই শিশু রাফিদার বাবা সাংবাদিক রুবেল খান বাদী হয়ে নগরের চকবাজার থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়েছে, ২৮ জুন গলাব্যথা হওয়ায় রাফিদাকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় পরদিন শিশুটি মারা যায়। বিচারের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন। ঘটনার পর চট্টগ্রামের সিভিল সার্জনের নেতৃত্বে একটি এবং স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক ম্যানেজমেন্ট কর্তৃপক্ষসহ পৃথক দুটি তদন্ত কমিটি গঠিত হয়। দুটি প্রতিবেদনে হাসপাতালটির ব্যবস্থাপনায় ত্রুটি, গাফিলতি ও অবহেলাকে দায়ী করা হয়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা. শুভ্র দেবকে বরখাস্ত করে। মামলা হওয়ার পর চার চিকিৎসক উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নেন। মেয়াদ শেষ হওয়ায় তাঁরা গতকাল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
বাদীর আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, মামলার অভিযোগপত্র না দেওয়া পর্যন্ত চার চিকিৎসকের জামিন মঞ্জুর করেছেন আদালত।
মামলার বাদী সাংবাদিক রুবেল খান বলেন, আইনের প্রতি তিনি শ্রদ্ধাশীল। জড়িত আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে, তিনি সেই আশায় আছেন।