চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ঘি ও বেকারি পণ্য উৎপাদনের অভিযোগে এই জরিমানা করা হয়।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন অভিযান পরিচালনা করেন। তাঁকে সহায়তা করেন সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও নগর পুলিশ।
সিটি করপোরেশন সূত্র জানায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদন করায় নগরের কালুরঘাট শিল্প নগর এলাকায় অবস্থিত বিএসপি ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা, চকবাজারের জয়নগর এলাকার ইউনিক কমোডিটিস কোম্পানিকে ৫০ হাজার টাকা, চান্দগাঁওয়ের আল হাসান বেকারিকে ২০ হাজার টাকা এবং সুগন্ধা বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া শর্ত ভঙ্গ করে খালের ওপর কনক্রিটের স্ল্যাব নির্মাণ করায় আয়েশা খাতুন নামের একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ঘি উৎপাদন করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে এভাবে ঘি উৎপাদন করে আসছে বলে অভিযোগ আছে।