চট্টগ্রামে চার ভাগ হয়ে কেন্দ্রের কর্মসূচি পালন করেছে বিএনপি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিএনপির নেতা-কর্মীরা চার ভাগে ভাগ হয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন। অভ্যন্তরীণ কোন্দলের কারণে একই দাবির সমর্থনে অভিন্ন মিছিল-সমাবেশ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জিয়াউর রহমানের নাম মুছে দেওয়াসহ বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন, খালেদা জিয়ার প্রাণনাশের চেষ্টা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন দাবিতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সারা দেশে গতকাল কর্মসূচির ডাক দেয়। অথচ চট্টগ্রামের বিএনপি এই এক দাবির সমর্থনে চারটি পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে লালদীঘি চত্বরে, চট্টগ্রাম মহানগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে কাজীর দেউড়ির দলীয় কার্যালয় নাসিমন ভবন থেকে মিছিল বের করে চেরাগীর পাহাড় মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এর আগে উত্তর জেলা বিএনপিও দলীয় কার্যালয় চত্বরে কর্মসূচি পালন করে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক কেউ ছিলেন না। সহসভাপতি এম ডি কামাল উদ্দিন ও এস এম ফজলুল হক বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন। এ ছাড়া পুরোনো চান্দগাঁও থানা চত্বরে নগর কমিটির নেতা এরশাদ উল্লাহের নেতৃত্ব বিক্ষোভ সমাবেশ হয়।বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান লালদীঘির জেলা পরিষদ মার্কেট চত্বরে সমাবেশ করেন। তিনি সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, জনগণের আন্দোলন শুরু হলে বুলেট আর বেয়নেট দিয়ে তা ঠেকানো যাবে না। বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আনোয়ার হোসাইন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইনাম উল হক, ওয়ার্ড কাউন্সিলর শামসুল আলম, নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর, আবদুস সাত্তার, নগর জাসাসের সভাপতি কাজী আকবর, বন্দর শ্রমিক দলের সভাপতি শামসুল আলম। সমাবেশ শেষে একটি মিছিল বের হয় এবং পুলিশি পাহারায় সেটি স্টেশন রোডের বিআরটিসি মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। কাজীর দেউড়ির নাসিমন ভবন কার্যালয় চত্বরের সমাবেশে নগর বিএনপির সভাপতি আমীর খসরু সরকারকে বাকশালী চরিত্র থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে জিয়ার নামে ঢাকা বিমানবন্দরের পুনঃনামকরণ না হলে চট্টগ্রাম থেকে কঠোর আন্দোলন শুরু হবে। সমাবেশে আরও বক্তৃতা করেন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান, বিএনপির নেতা মোহাম্মদ মিয়া, এম এ আজিজ, ইসকান্দর মির্জা, এম এ হান্নান। সমাবেশ শেষে একটি মিছিল এনায়েত বাজার, ডিসি হিল ও জামালখান সড়ক হয়ে কাজীর দেউড়িতে গিয়ে শেষ হয়। কোন্দলের কারণে আলাদা কর্মসূচি পালন করেছেন কি না, এমন প্রশ্নে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, ‘আমরা একসঙ্গে কর্মসূচি পালন করার চেষ্টা করেছি। এ জন্য জ্যেষ্ঠ নেতা আবদুল্লাহ আল নোমানসহ সবার সঙ্গে আমি ফোনে কথা বলেছি। তাঁরা আসবেন বলে কথাও দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আসেননি। তবে আমি আশা ছাড়িনি। আমি সবাইকে একত্র করার চেষ্টা করছি।’