চট্টগ্রামে চার মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবা বড়িসহ হাতেনাতে গ্রেপ্তার হওয়ার ঘটনা প্রমাণিত হওয়ায় চার মাদক ব্যবসায়ীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম মজিবুর রহমান এই রায় দেন। দণ্ডিত চার আসামি হলেন এনায়েতুল্লাহ (২৬), সোলায়মান বাদশা (৩৫), তাজুল ইসলাম (২৬) ও মো. কায়সার (২৬)। আদালত প্রত্যেককে পাঁচ বছরের সাজা ও এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় সোলায়মান বাদশা আদালতে উপস্থিত ছিলেন। অন্য তিন আসামি পলাতক। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ সাংবাদিকদের বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় চারজনকে দণ্ড দিয়েছেন আদালত।’আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ১ জুন নগরের কোতোয়ালি থানাধীন হোটেল গেটওয়ের চতুর্থ তলার ৪০৭ নম্বর কক্ষ থেকে ৩৪৫টি ইয়াবা বড়িসহ ওই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক (এসআই) কাজী ফরিদ উদ্দিন বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের (সংশোধিত ২০০৪) ১৯ (১) ও ৯ (খ) ধারায় মামলা করেন।এই মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা পুলিশের গোয়েন্দা বিভাগের এসআই জাহেদুল কবির ২০০৯ সালের ৩০ জুন অভিযোগপত্র জমা দেন। ২০১০ সালের ৩১ জানুয়ারি অভিযোগ গঠন করা হয়। মামলার ১৪ জন সাক্ষীর মধ্যে নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল রায় দেওয়া হয়।