চট্টগ্রামে চার হাজার শিক্ষার্থীর বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের ইতিহাস দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান ওরফে তনুর হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল রোববার নগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। এসব কর্মসূচি থেকে নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়।
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘চট্টগ্রামের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ ও জনসাধারণ’-এর ব্যানারে বেলা তিনটায় মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় চার হাজার শিক্ষার্থী অংশ নেন। এর আগে দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধনে অংশ নেন শতাধিক শিক্ষার্থী। বিকেল সাড়ে পাঁচটায় শিল্পকলা একাডেমির সামনে নাট্যকর্মীরা মানববন্ধন ও সমাবেশ করেন।
প্রেসক্লাবের সামনের কর্মসূচিতে শিক্ষার্থীরা পোস্টার, ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে এই হত্যার বিচার দাবি করেন। কর্মসূচি চলার সময় ‘আমরা সবাই তনুর ভাই, তনু হত্যার বিচার চাই’ স্লোগান দেন শিক্ষার্থীরা। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরাও এসে মানববন্ধনে সংহতি প্রকাশ করেন। কর্মসূচির শুরুতে বিপদে পড়লে নারীরা কীভাবে আত্মরক্ষা করবেন, সে সম্পর্কে কৌশল প্রদর্শন করা হয়।
কর্মসূচিতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী উম্মে সালমা বলেন, ‘অপরাধীরা শুধু তনুকে হত্যা করেনি। আমাদের বিবেককেও হত্যা করেছে। ১৬ কোটি মানুষকে হত্যা করেছে। অথচ স্থানীয় কর্তৃপক্ষ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এ কারণে এত দিনে কাউকে চিহ্নিত করা যায়নি।’ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাতেমা শিবলী বলেন, ‘এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে আমরা রাস্তা ছাড়ব না।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক সাঈদ আহসান খালিদ বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে।’
সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ বি এম আবু নোমান, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিনহাজ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জাবেদ ও সাহিদুর রহমান, চিকিৎসক মাসুদা আনোয়ার, শিক্ষানবীশ চিকিৎসক তিন্নি প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন শিক্ষার্থী অভীক রায়।
কর্মসূচির সমন্বয়কারী জুনাইদ নাইম প্রথম আলোকে জানান, ফেসবুক পাতায় এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা জানান, সোহাগী জাহানের হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন চত্বরে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আব্দুল আজিজের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞানের অধ্যাপক রাহমান নাসির উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী রবিউল হাসান ও তাসনীমুল হক, রাজনীতিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী রত্না সরকার প্রমুখ।
মানববন্ধনে শিক্ষার্থী ফজলে রাব্বী বলেন, ‘এই হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি সব অন্যায়-অবিচারের বিচার চাই আমরা।’
হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে শিক্ষার্থীরা কঠিন আন্দোলনে যেতে বাধ্য হবেন।