চট্টগ্রামে চারজন গ্রেপ্তার, ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
চট্টগ্রামে ছয়টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গল ও বুধবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া চারজন হলেন, আবুল কালাম আবু (৩৫), মোহাম্মদ বশির (৩০), মোহাম্মদ হাসান (২২) ও মোহাম্মদ আজাদ (৩০)। তাঁদের প্রত্যেককে তিনটি করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।পুলিশ জানায়, টহল পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় ডবলমুরিং থানাধীন পানওয়ালা পাড়ার হাড্ডি কোম্পানির এলাকায় পৌঁছালে চোর চক্রের সদস্য আবু দুই সহযোগীসহ দুটি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। এতে পুলিশের সন্দেহ হয়। একপর্যায়ে পুলিশ তাঁদের ধাওয়া করে ধরে ফেলে। থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁদের তথ্য অনুযায়ী পরে বিভিন্ন জায়গা থেকে আরও চারটি মোটরসাইকেল উদ্ধার ও অপর একজনকে গ্রেপ্তার করা হয়। এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে আগ্রাবাদ, বাদামতলী, চৌমুহনী ও বন্দর এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে চট্টগ্রামের বাইরে বিক্রি করছিলেন।চোর চক্রের সদস্য আবুল কালাম গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বলেন, ‘প্রথম ছয় মাসে ৫০টির বেশি মোটরসাইকেল চুরির পর গণনা ছেড়ে দিয়েছি।’ তিনি বলেন, ‘পুলিশ থেকে বাঁচার জন্য চোরাই মোটরসাইকেলের পেছনে “সংবাদপত্র” কিংবা ইংরেজিতে “প্রেস” লেখা লাগিয়ে দিতাম।’পুলিশের ডবলমুরিং বিভাগের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, এ চক্রে আরও পাঁচ-ছয়জন সদস্য আছে। তারা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’