চট্টগ্রামের ১০টি উপজেলার মধ্যে চারটিতে আওয়ামী লীগ বিরোধ থামাতে পারেনি। বাকি ছয়টি উপজেলায় একক প্রার্থী দিয়েছে সংগঠনটি। ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় থেকে পঞ্চম দফায় এ ১০টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
দলীয় সূত্র জানায়, উত্তর চট্টগ্রামের সন্দ্বীপ, সীতাকুণ্ড ও রাঙ্গুনিয়া এবং দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে গতকাল বিকেল পর্যন্ত বিরোধ থামাতে পারেনি আওয়ামী লীগ। সেখানে আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছে।
দলীয় সূত্র আরও জানায়, সীতাকুণ্ডে এস এম আল মামুন একক প্রার্থী। বহিষ্কার করা হয়েছে নুরুল মোস্তফা কামাল চৌধুরী, মহিউদ্দিন আহমেদ ও আবুল কালামকে। সন্দ্বীপে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সংখ্যা চারজন। সেখানে বর্তমান চেয়ারম্যান শাহজাহানকে একক প্রার্থী করার চেষ্টা চলছে। আজ-কালের মধ্যেই সিদ্ধান্ত হতে পারে। সিদ্ধান্ত অমান্যকারী বাকি তিনজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
রাঙ্গুনিয়া উপজেলায় স্থানীয় সাংসদ ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদ পাঁচ প্রার্থীকে নিয়ে চার দফা বৈঠক করেছেন। এতে তিনজন প্রার্থিতা প্রত্যাহার করেন। গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বাকি দুজনের মধ্যে কোনো সমঝোতা হয়নি। এ দুজন কাউকে ছাড় দিতে রাজি হচ্ছে না। স্থানীয় সাংসদ দুজনের মধ্যে সমঝোতা তৈরির চেষ্টা করছেন বলে সাংসদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।
রাঙ্গুনিয়ার আওয়ামী লীগ-সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলী শাহ বলেন, ‘আমি ও কাজী জসিমউদ্দিনের মধ্যে একজনকে সমর্থন দেবে সংগঠন। ঘোষণাটা কেন্দ্র থেকে আসবে বলে শুনেছি। তবে জেলা কমিটি ও তৃণমূল নেতা-কর্মীরা আমার পক্ষে আছে। আমি কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’
চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক এম এ সালাম প্রথম আলোকে বলেন, ‘সীতাকুণ্ডে আমরা তিনজনকে বহিষ্কার করেছি। সন্দ্বীপে একক প্রার্থী নির্ধারণের চেষ্টা চলছে। এ জন্য তৃণমূল নেতাদের মতামত নিয়ে আমরা একজনকে সমর্থন এবং বাকি তিনজনকে সরে দাঁড়ানোর অনুরোধ করব। আর রাঙ্গুনিয়া উপজেলায় একক প্রার্থী নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সাংসদকে। প্রয়োজনে সেখানে কেন্দ্র হস্তক্ষেপ করবে।’
চট্টগ্রাম দক্ষিণ জেলার বাঁশখালীতে আওয়ামী লীগ-সমর্থিত দুজন প্রার্থী রয়েছেন। সেখানে খোরশেদ আলমকে সমর্থন দিয়েছে সংগঠন। সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থিতা প্রত্যাহার করেননি আ ন ম শাহাদাৎ আলম। তাই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে আওয়ামী লীগ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দক্ষিণ চট্টগ্রামের পাঁচটির মধ্যে চারটিতে আমরা একক প্রার্থী দিতে সক্ষম হয়েছি। কেবল বাঁশখালী নিয়ে আমাদের চিন্তা। সেখানে সিদ্ধান্ত অমান্য করে আরেকজন নির্বাচন করছেন। এ জন্য তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা সানাউল হক প্রথম আলোকে বলেন, ১৫ মার্চ তৃতীয় দফায় চন্দনাইশ ও সীতাকুণ্ড উপজেলা, ২৩ মার্চ চতুর্থ দফায় ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া ও বোয়াখালী উপজেলা এবং পঞ্চম দফায় ৩১ মার্চ সন্দ্বীপ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি, যাতে নির্বিঘ্নে নির্বাচন অনুষ্ঠিত হয়।’