চট্টগ্রামে চারটি পশুর হাটের ইজারা
চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের ছয়টি অস্থায়ী পশুর হাটের মধ্যে চারটির ইজারা দিয়েছে। এতে তিন কোটি টাকার বেশি আয় হয়েছে করপোরেশনের। প্রত্যাশিত দর ও দরপত্র জমা না পড়ায় বাকি দুটি হাট ইজারা দেওয়া হয়নি। এ জন্য পুনঃ দরপত্র বিজ্ঞপ্তি দেওয়া হবে। গতকাল রোববার এসব সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
ঈদুল আজহা উপলক্ষে নগরে ছয়টি অস্থায়ী পশুর হাট বসবে। চাঁদ দেখা সাপেক্ষে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই ঈদ হওয়ার কথা রয়েছে। ২ অথবা ৩ সেপ্টেম্বর থেকে হাটগুলোয় পশু বিক্রির কার্যক্রম শুরু করা যাবে বলে করপোরেশনের রাজস্ব বিভাগ জানিয়েছে।
রাজস্ব বিভাগ সূত্র জানায়, ৩ কোটি ৩৮ লাখ ৯২ হাজার ৭৮৬ টাকা দিয়ে এবার চারটি হাট ইজারা দেওয়া হয়েছে। গত বছরের চেয়ে এবার বাড়তি আয় হয়েছে ৮৫ লাখ ৯৩ হাজার ৮৯৯ টাকা। গতবার এ চারটি হাট ইজারা দিয়ে ২ কোটি ৫২ লাখ ৯৮ হাজার ৮৮৭ টাকা আয় হয়েছিল।
চারটি হাটের মধ্যে কর্ণফুলী পশুর বাজার ১ কোটি ৯৬ লাখ টাকা, স্টিল মিল পশুর হাট ৬০ লাখ ৫১ হাজার টাকা, পতেঙ্গার কাঠগড় পশুর হাট ৩৩ লাখ ৪০ হাজার ও পোস্তারপাড় ছাগল বাজার ১৮ লাখ ১ হাজার ৭৮৬ টাকা দিয়ে ইজারা দেওয়া হয়েছে।
প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বলেন, প্রত্যাশিত দর পাওয়ায় ছয়টি অস্থায়ী পশুর হাটের মধ্যে চারটি ইজারা দেওয়া হয়েছে। বাকি দুটির মধ্যে সল্টগোলা রেলক্রসিং পশুর হাটের জন্য প্রত্যাশিত দর পাওয়া যায়নি এবং কমল মহাজন হাটের জন্য কেউ দরপত্র জমা দেননি। তাই হাট দুটি ইজারা দেওয়ার জন্য পুনরায় দরপত্র বিজ্ঞপ্তি দেওয়া হবে।
এবার সল্টগোলা রেলক্রসিং পশুর হাটের জন্য ২৬ লাখ ১০ হাজার টাকার দরপত্র জমা পড়েছে। গত বছর এ হাট ইজারা দেওয়া হয়েছিল ২২ লাখ ২২ হাজার ২২২ টাকায়।