চট্টগ্রামে চারুকলা উৎসব সমাপ্ত
শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ফুলকি আয়োজিত শিল্পাচার্য জয়নুল আবেদিন জন্মশতবার্ষিক কিশোর চারুকলা উৎসবের প্রথম কার্যক্রম গতকাল শেষ হয়েছে। চার দিনব্যাপী এই উৎসবে শিশু-কিশোরেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।
প্রথম দিন শিক্ষার্থীরা দুটি মাধ্যমে কাজ করেছে। জল রং ও মোম রং দিয়ে সাদা-কালো কাজ করেছে। যেখানে জয়নুল আবেদিনের কাজের সঙ্গে মিল রেখে শিক্ষার্থীদের ক্যাম্প পরিচালনা করা হয়। প্রতিদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের তরুণ শিক্ষক শারদ দাশ, রুহুল করিম, আতিকুল ইসলাম, নিত্যানন্দ গাইন এবং সোনারতরী ফুলকির চারুকলার প্রশিক্ষক সঙ্গীতা চৌধুরী, সুব্রত দাশ, অরূপ বড়ুয়া, আরিফুজ্জামান ও সম্পা ভট্টাচার্য্য প্রশিক্ষণ দেন। ক্যাম্প পরিচালনা করেন শিল্পী নাজলি লায়লা মনসুর।
গতকাল সমাপনী দিনে শিশুদের আঁকা ছবি নিয়ে আলোচনা করেন অধ্যাপক আবুল মনসুর। ফুলকির সম্পাদক কবি সাংবাদিক আবুল মোমেন প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।