চট্টগ্রামে টেম্পো ও রেঞ্জারের (হিউম্যান হলার) সংঘর্ষে ১১ জন তরুণ ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় করা মামলায় রেঞ্জারের চালককে তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম মহানগর হাকিম হুসাইন মুহাম্মদ ফজলুল বারী গতকাল বৃহস্পতিবার এ মামলার রায় দেন। ২০০৩ সালে শহরতলির বালুছড়ায় এই দুর্ঘটনা ঘটে।দণ্ডাদেশ পাওয়া চালকের নাম আবুল কালাম। তিনি দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাঁকে দণ্ডবিধির ৩০৪-এর (খ) ধারায় দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। জরিমানার টাকা অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ৩১ জানুয়ারি রাতে শহর থেকে টেম্পোতে করে ফতেয়াবাদের দিকে যাচ্ছিলেন ১১ জন ক্রিকেটার। পরদিন সকালে ফতেয়াবাদে তাঁদের একটি ম্যাচ ছিল। পথে বালুছড়ায় তাঁদের টেম্পোর সঙ্গে শহরগামী একটি রেঞ্জারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই ১১ জন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর আটজনকে মৃত ঘোষণা করা হয়। পরে অপর তিনজনও মারা যান।সূত্র আরও জানায়, রেঞ্জার চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটে বলে তদন্তে প্রমাণ হয়। নিহত ১১ জন হলেন সঞ্জয় চৌধুরী, হাসান আহমেদ, আবদুল গাফফার, শওকত আকবর, আমজাদ হোসেন, শাহীন, বিপ্লব কান্তি, বাপ্পী কুমার দে, রানা, মামুন ও বেলাল। তাঁরা সবাই ছিলেন নগরের বাসিন্দা এবং স্কুল ও কলেজে পড়াশোনা করতেন।