চট্টগ্রামে চালু হচ্ছে বিদ্যুৎ, গ্যাসের প্রিপেইড মিটার
আগামী বছরের মধ্যে চট্টগ্রাম নগরের ১ লাখ ৩৯ হাজার বিদ্যুৎ গ্রাহক ও ৬০ হাজার গ্যাসের গ্রাহক প্রিপেইড মিটারের আওতায় আসছেন।
বিদ্যুতের ক্ষেত্রে আবাসিক ও বাণিজ্যিক এবং গ্যাসের ক্ষেত্রে শুধু আবাসিক গ্রাহকেরা এই সুবিধা পাবেন।
প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রিপেইড মিটার চালু হলে গ্যাস-বিদ্যুতের অপচয় কমবে। গ্রাহক বিদ্যুতের ভুতুড়ে বিল থেকে বাঁচবেন। গ্যাসের ক্ষেত্রেও খরচ কমবে। বিদ্যুতের প্রিপেইড মিটার প্রকল্পটির নাম ‘প্রিপেমেন্ট মিটারিং প্রজেক্ট ফর ডিস্ট্রিবিউশন সাউদার্ন জোন’। এই প্রকল্পে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ, স্টেডিয়াম, পাহাড়তলী ও খুলশী এই চার বিতরণ বিভাগের গ্রাহকেরা প্রিপেইড মিটারের আওতায় আসবেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবি সরকারি অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৩৭ কোটি টাকা।
পিডিবি সূত্র জানিয়েছে, ২০০৯ সালে প্রকল্পটি একনেকে পাস হয়। নানা জটিলতার কারণে যথাসময়ে এর বাস্তবায়ন কাজ শুরু করা যায়নি। এর মধ্যে প্রকল্পটির মেয়াদ তিন দফা বাড়ানো হয়েছে। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটির মেয়াদ রয়েছে। প্রকল্পের আওতায় মিটার তৈরি ও বসানোর জন্য ২০১৫ সালের মার্চে চীনা প্রতিষ্ঠান ‘চায়না হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেড’-এর সঙ্গে চুক্তি হয় পিডিবির। সম্প্রতি প্রথম চালানে পাঁচ হাজার মিটার চট্টগ্রামে এসে পৌঁছেছে। আগামী সপ্তাহ থেকে আগ্রাবাদ এলাকায় মিটার বসানোর কাজ শুরু হবে। এক বছরের মধ্যে ১ লাখ ৩৯ হাজার গ্রাহকের মিটার বসানোর কাজ শেষ হবে।
বিদ্যুতের প্রিপেইড মিটার প্রকল্পের পরিচালক মো. কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, এই মিটারে গ্রাহক ও সরকার দুই পক্ষই লাভবান হবে। বিদ্যুৎ বিল বকেয়া থাকবে না, সরকারের রাজস্ব আদায় বাড়বে, বিদ্যুৎ চুরি কমবে। অন্যদিকে গ্রাহকেরা বাড়তি বিলের বিড়ম্বনা থেকে বাঁচবেন। মিটার বসানোর পর তাঁদের একটি পরিচিতি (আইডি) নম্বর দেওয়া হবে। ওই নম্বর দেখিয়ে গ্রাহকেরা বিক্রয়কেন্দ্র থেকে সুবিধামতো বিদ্যুৎ কিনবেন।
এদিকে গ্যাসের প্রিপেইড মিটার প্রকল্পটির নাম ‘ন্যাচারাল গ্যাস ইফিসিয়েন্সি প্রজেক্ট’। জাপানি দাতা সংস্থা জাইকা এ প্রকল্পে অর্থ সাহায্য দিচ্ছে। চট্টগ্রামে গ্যাস বিতরণের দায়িত্বে থাকা সংস্থা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে আছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২৪৬ কোটি ৫৬ লাখ টাকা। এর মধ্যে জাইকা দেবে ১৫৪ কোটি টাকা, বাকিটা সরকার ও কর্ণফুলীর তহবিল থেকে ব্যয় হবে। ২০১৪ সালের ডিসেম্বরে প্রকল্পটি একনেকে পাস হয়। ২০১৮ সালের জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদ আছে।
কর্ণফুলী গ্যাসের কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাসের প্রিপেইড মিটার বসানোর জন্য জাপানি একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মিটার বসানোর কাজ শুরু করা সম্ভব হবে।
প্রকল্পটির পরিচালক কর্ণফুলী গ্যাসের প্রকৌশলী খায়েজ আহম্মদ চৌধুরী প্রথম আলোকে বলেন, বর্তমানে দুই চুলার জন্য একজন গ্রাহককে সাড়ে ছয় শ টাকা করে বিল দিতে হচ্ছে। তিতাসের বসানো প্রিপেইড মিটারের অভিজ্ঞতায় তাঁরা হিসাব কষে দেখেছেন, এই মিটারে একজন গ্রাহকের গড়ে ৩০০ থেকে ৪০০ টাকা বিল আসবে। এ বিষয়ে গ্রাহকদের উদ্বুদ্ধ করতে কিছুদিনের মধ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচি শুরু করবেন তাঁরা। পর্যায়ক্রমে চট্টগ্রামের সব আবাসিক গ্রাহকই প্রিপেইড মিটারের আওতায় আসবেন।